মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠে উড়ে গেল রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৯
স্প্যানিশ লা লিগার চলতি আসরে প্রথম মাদ্রির ডার্বি দেখল ফুটবলপ্রেমীরা। মাদ্রিদ ডার্বিতে নিজেদের সবটা উজাড় করে দিলেও সফল হয়নি রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর মাঠ সিভিটাস মেট্রোপোলিটানোয় গিয়ে রীতিমত বিধ্বস্ত হয়ে এসেছে রিয়াল। মোরাতার জোড়া গোলে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল।
ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালকে স্তব্ধ করে দেন আলভারো মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে হেড করে রিয়ালের জালে জড়িয়ে দেন তিনি। ১৮ মিনিটে লিড ডাবল করেন আন্তোনিও গ্রিজম্যান। সাউল নিগুয়েজের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান ফরাসী তারকা গ্রিজম্যান। ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালের হয়ে স্বস্তির গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রস।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও রিয়ালের জাল লক্ষ্যভেদ করলেন আলভারো মোরাতা। ৪৬ মিনিটে সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে হেডে গোল করেন মোরাতা। এতে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর খেলায় গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করে অ্যাটলেটিকো শিবিরে। কিন্তু অধরা সেই গোলের দেখা পায়নি দলটি।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- অ্যাটলেটিকো মাদ্রিদ
- লা লিগা
