এবার বিশ্বকাপের ব্যাট-প্যাড নিলামে তুললেন রাহুল
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার তার বিশ্বকাপের জার্সি নিলামে তোলেন। তা থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি করোনা লড়াইয়ে সামিল হয়েছেন। এরপর নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান মানুষের পাশে এসে দাঁড়াতে মুশফিক-তামিমদের মতো ক্রিকেটারদের ব্যাট-জার্সি নিলামে তোলার আহ্বান জানান। সাকিব নিজেও সাকিব আল হাসান ফাউন্ডেশন চালু করে করোনা লড়াইয়ে সামিল হয়েছেন।
সাকিবের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ২০১৩ সালে ডাবল সেঞ্চুরি করা ওই ব্যাটের নিলাম থেকে পাওয়া অর্থ দেশের অসহায় লোকদের সহায়তার খরচ করবেন বলে জানিয়েছেন। টুইটে মুশফিক জানিয়েছেন, ব্যাটটা আমার কাছে খুবই বিশেষ। কিন্তু মানুষের জীবনের চেয়ে কোনকিছুই গুরুত্বপূর্ণ নয়।
এবার নিজের বিশ্বকাপে খেলা একটি ব্যাট, এক জোড়া গ্লাভস, প্যাড, একটি হেলমেট ও তিন ফরম্যাটে খেলা তিনটি জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের ব্যাটসম্যান কেএল রাহুল। নিলাম থেকে পাওয়া অর্থ রাহুল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য খরচ করার ঘোষণা দিয়েছেন। আর তার ওই ক্রীড়া সামগ্রির নিলামে তোলার ঘোষণা দিয়েছেন গত শনিবার তার জন্মদিনে।
ভারতের ক্রিকেট সমর্থকদের গ্রুপ ‘ভারত আর্মির’ পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে রাহুল এ ঘোষণা দিয়েছেন, ‘নিলামে অংশ নিন এবং আমার ও সুবিধা বঞ্চিত ওই শিশুদের প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করুণ। চলুন এই কঠিন সময়ে আমরা একসঙ্গে কাজ করি। যাতে সবাই আবার আরও শক্তিশালী হয়ে নতুন করে শুরু করতে পারি।’
