বিশ্বকাপে বড় জয়ের রেকর্ড ইংল্যান্ডের
বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৩:৫৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৩:৫৪
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বিশাল হারে শুরু করেছিল ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বড় জয় পেয়েছে ওই ইংল্যান্ড।
ধর্মশালায় মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ ৮ বল থাকতে ২২৭ রানে অলআউট হয়েছে। বড় ওই জয়ে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানের ব্যবধানে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ জয়।
বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ভারতের বিপক্ষে ১৯৭৫ সালে লর্ডসে। সেবার ২০২ রানে জিতছিল ইংলিশরা। ১৯৭৫ বিশ্বকাপেই পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৯৬ রানে জিতেছিল ইংল্যান্ড।
এরপর ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়েছিল শেষ পর্যন্ত আসরের চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড। এবার বাংলাদেশ ১৩৭ রানে হারালে তারা। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১২২ রানে হারিয়েছিল ইংলিশরা।
