ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাফুফে-কিংস টানাপোড়েন

বাফুফে-কিংস টানাপোড়েন
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১১:৫৯

মাত্র ১৪ ফুটবলার নিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। স্কোয়াডের বাকি ১০ ফুটবলার নিয়ে এখনও শঙ্কায় আছেন তিনি। কেননা ২৪ সদস্যের ১০ জনই বসুন্ধরা কিংসের। ফিফার নিয়ম সামনে রেখেই ক্লাবটি এই ফুটবলারদের ছাড়তে রাজি নয় জাতীয় দলের ক্যাম্পে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকেন কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাঁর কমিটিতে ডেপুটি চেয়ারম্যান মো. ইমরুল হাসান, যিনি আবার বসুন্ধরা কিংসের সভাপতি। 

জরুরি এই সভায় অনলাইনেও যোগ দেননি ইমরুল। ঘণ্টাখানেকের সভায় তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। ইমরুলের যোগ না দেওয়ার মাধ্যমে ফুটবলার ছাড়া নিয়ে বাফুফে ও কিংসের মধ্যে টানাপোড়েনের বিষয়টিও এখন প্রকাশ্যে এসে গেছে। তার পরও সুষ্ঠু সমাধানের আশায় ক্যাম্পে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বসুন্ধরা কিংসকে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায়।

ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলের জন্য ক্লাব ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই নিয়মকে সামনে এনে ফুটবলার না ছাড়ার যুক্তি কয়েক দিন আগে চিঠির মাধ্যমে তুলে ধরেছে কিংস কর্তৃপক্ষ। প্রাক-মৌসুমের প্রস্তুতি এবং ফুটবলারদের ইনজুরি ঝুঁকি এড়াতে খেলোয়াড় না ছাড়ার বিষয়টি বসুন্ধরা কিংস চিঠিতে উল্লেখ করেছে। সেই অনুযায়ী ক্লাবটি তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনকে এই মুহূর্তে ছাড়ছে না। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে হয়তো এই ফুটবলারদের ছাড়বে বসুন্ধরা। তাদের এমন কঠিন মনোভাবে বেকায়দায় পড়েছে বাফুফে। 

গতকাল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এই বিষয়টি নিয়ে কূটনীতিকের মতো উত্তর দিয়েছেন, ‘বাফুফে থেকে কিংসের কাছে একটা চিঠি যাবে। সেখান থেকে কী উত্তর আসে, সেটার ওপর নির্ভর করছে পরবর্তী করণীয়। তবে আমি আশাবাদী এই সমস্যারও একটা সুন্দর সমাধান হবে।’

এবারই প্রথম নয়, অতীতেও ফুটবলার ছাড়া নিয়ে গড়িমসি করেছে বসুন্ধরা। অনূর্ধ্ব-২৩ দলে চার ফুটবলারের মধ্যে তিনজনকে বাহরাইনের ক্যাম্পের জন্য ছাড়পত্র দিলেও ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেলকে অনাপত্তিপত্র দেয়নি কিংস। বিগত সময়ে অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২০ বয়সী প্রতিযোগিতার জন্য খেলোয়াড় ছাড়েনি তারা। সেই সময় অনূর্ধ্ব-২০ দলের কোচ এ কে এম মারুফুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় কিংস।
 
এবার তাদের খেলোয়াড় না ছাড়ায় ১৪ জন নিয়ে অনুশীলন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে কোচ ক্যাবরেরাকে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার জন্যই এত আগে ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে, সেখানে কিংসের ফুটবলার না ছাড়াটা পুরো দলের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু  আশার কথাই শুনিয়েছেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আগামীকাল (সোমবার) সকালে জাতীয় দলে খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কী উত্তর আসে এর পরিপ্রেক্ষিতে তিন-চার দিন পর আবার আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।’

এখন প্রশ্ন হচ্ছে, তিন-চার দিন পরও যদি কিংস তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তখন বাফুফে কী করবে? এর ব্যাখ্যায় আমিরুল ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী ইতিবাচক কিছু হওয়ার। নেপালে ম্যাচ বাতিলের সম্ভাবনা নেই।’

আরও পড়ুন

×