ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৬ বছর পর বেঙ্গলের সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

৬ বছর পর বেঙ্গলের সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ গাঙ্গুলী
×

ছবি- সমকাল

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫২

আগে থেকেই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সোমবার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। আতসবাজির আলোয় মহারাজকে বরণ করে নেয় অনুরাগীরা। পরে সহসভাপতি নীতীশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সচিব বাবলু কোলে ও যুগ্মসচিব মদন ঘোষকে তাদের চেয়ারে বসিয়ে নিজের আসনে বসেন সৌরভ। এভাবেই শুরু হলো বাংলার ক্রিকেট প্রশাসনে তার দ্বিতীয় ইনিংস।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে সৌরভ জানান, সিএবির একটা পরিকাঠামো আছেই ৷ সেখানে ছোটখাটো কিছু সংযুক্তি কিংবা পরিবর্তন আসবে। 

তবে তার কথায় বোঝা গেছে, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছেন তিনি। আগামী ১৪ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে দুই দল। সৌরভ বলেন, ‘আশা করি দারুণ ম্যাচ হবে। পিচ, দর্শক ও অবকাঠামো সবকিছু ঠিকঠাক রাখতে হবে।’

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আশাবাদী তিনি। জানালেন, কলকাতায় বড় ম্যাচ আয়োজনের চেষ্টা থাকবে। সেই সঙ্গে ইডেন গার্ডেনসের আসনসংখ্যা এক লাখে উন্নীত করার লক্ষ্যও সামনে রেখেছেন। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর গ্যালারি সংস্কারের কাজ শুরু হতে পারে।

বাংলার ক্রিকেট নিয়েও পরিকল্পনা আছে তার। সৌরভ বলেন, ‘ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি পেয়েছি। খুব দ্রুত কাজ শুরু হবে।’

এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মিথুন মানহাস ও তার কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ।

আরও পড়ুন

×