গাজা ইস্যুতে ফুটবল থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান তুরস্কের
তুরস্ক ফুটবল প্রধান হাজিওসমানওগলু (বামে) ও উয়েফা প্রধান আলেক্সান্ডার সেফেরিন (ডানে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫৩
গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েলকে সাময়িকভাবে ফুটবল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তুরস্ক। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এই অবস্থান নিল তুরস্ক ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগলু ফিফা ও উয়েফার শীর্ষ কর্তাদের উদ্দেশে পাঠানো চিঠিতে বলেছেন, ‘গাজায় যা ঘটছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য। এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।’
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, হাজিওসমানওগলুর মতে খেলাধুলা ও ফুটবল সংস্থাগুলো শান্তি ও মানবিকতার মূল্যবোধ রক্ষার দাবি করলেও এত দিন ধরে তারা নীরব থেকেছে।
উয়েফা শিগগিরই ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে যেতে পারে। ধারণা করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ নির্বাহী সদস্য এই প্রস্তাব সমর্থন করবেন। তবে উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে নেই হাজিওসমানওগলু। সেখানে আছেন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস, যিনি চলতি বছরের এপ্রিলে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শীর্ষ নেতা জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকায় অনেকে মনে করছেন, ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবে ফিফার সমর্থন পাওয়া কঠিন হবে।
