ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোটের থাবায় জেরবার বাংলাদেশ

চোটের থাবায় জেরবার বাংলাদেশ
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১২:২৩

৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজানোর কথা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার, সেখানে তাঁকে চিন্তা করতে হচ্ছে ফুটবলারদের চোট নিয়ে। পায়ের পেশির ইনজুরির কারণে এরই মধ্যে ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। হালকা চোটে ভুগছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, কাজী তারিক এবং ফরোয়ার্ড আল আমিন। চোটে জেরবার বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর আজ ঢাকায় আসছেন ইংলিশ প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার আসবেন কানাডা প্রবাসী শমিত সোম।

৩০ জনের মধ্যে ২৮ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেন ক্যাবরেরা। এরই মধ্যে দুজন ছিটকে গেছেন। চোটে থাকা তিন ফুটবলার নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে তপু-তারিকদের পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ, ‘হ্যাঁ, চোটের কারণেই আমরা এবার বড় তালিকা করেছি। সুমন ও ইব্রাহিম দুজনই ঠিকঠাকভাবে ক্যাম্পে এসেছিল। এমনকি তারিক, তপু ও আল আমিনও ভালোভাবে এসেছিল, কিন্তু পরে দেখলাম তাদের কিছু ইস্যু আছে। সুমন ও ইব্রাহিমের যথাসময়ে ফিট করে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাদের ফিট করে তোলা সম্ভব হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং এগুলো অনুসরণের নির্দেশনা দিয়ে ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারিক, তপু এবং আল আমিন– এই তিনজনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক ও আল আমিন আজকের (রোববার) অনুশীলনে ফিরেছে। আশা করি, তপুও দ্রুত ফিরবে।’ 

চোট সমস্যার মধ্যেও প্রস্তুতি নিয়ে খুশি ক্যাবরেরা, ‘প্রস্তুতি ভালো চলছে। দ্বিতীয় সপ্তাহের অনুশীলন পর্ব শুরু করছি। এখন পর্যন্ত প্রস্তুতির আবহ নিয়ে আমি ভীষণ খুশি এবং ইতিবাচক। এখনও চারটি সেশন বাকি আছে, নিখুঁতভাবেই চলছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি হওয়ার জন্য সময় আছে।’

চোটজর্জর আক্রমণভাগের দায়িত্ব এখন রাকিব হোসেনের কাঁধে। তবে জাতীয় দলের তারকা এ ফরোয়ার্ড তাকিয়ে আছেন হামজা ও শমিতের দিকে। তারা এলে প্রস্তুতি ভালো হবে। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বেশি হবে বলে মনে করেন রাকিব, ‘অনুশীলন ভালো হচ্ছে। ভিডিও সেশন হচ্ছে, মাঠে অনুশীলন হচ্ছে। হামজা ও শমিত আসছে। ওরা এলে একটি দল হিসেবে অনুশীলন করতে পারব, তখন আরও ভালো হবে। অনেকভাবেই কাজ হচ্ছে মাঠে। কোচ আমাদের ভুল শুধরে দিচ্ছেন। আসলে প্রতি ম্যাচেই আমাদের পরিকল্পনা থাকে গোল করার। এবারও অনুশীলন করছি। ইনশাআল্লাহ এ ম্যাচেও গোল হবে। ফরোয়ার্ডরা কিন্তু ভালো ভালো বল চায়, হামজা-শমিত থাকায় সেগুলো কিন্তু আগের চেয়ে এখন বেশি পাচ্ছি।’

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। সমান ৪ পয়েন্ট হংকং ও সিঙ্গাপুরের। এই ম্যাচ হারলে বাংলাদেশের বাছাই পেরোনোর সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। তাই ঘরের মাঠে এই ম্যাচ জিততে মরিয়া লাল-সবুজের দলটি। আক্রমণভাগের ভরসা হিসেবে রাকিবেরও চাওয়া জয়। চোটের থাবায় দলের শক্তি কমবে না বলেও মনে করেন তিনি, ‘এটা আসলে কোচের সিদ্ধান্ত। সমস্যা নেই আমার, যে কোনো পজিশনে খেলতে পারি। এবার তো কোচ খেলোয়াড় বেশি নিয়েছেন, কারণ ইনজুরি সমস্যা ছিল। প্রতিটি পজিশনেই বিকল্প খেলোয়াড় আছে; তাই আশা করি, সমস্যা হবে না। আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচে ভালোই খেলেছিলাম। আক্রমণ করেছিলাম অনেক, গোল করেছি। সামনের ম্যাচের জন্য আমরা সেট-পিস নিয়ে কাজ করেছি। এখন যেহেতু ঘরের মাঠে খেলা। বাঁচা-মরার লড়াই।’

আরও পড়ুন

×