এখন ভারত ম্যাচে তাকিয়ে ক্যাবরেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১১:১১
প্রায় ৫০ হাজার দর্শকের সামনে খেলার চ্যালেঞ্জ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা নিজেদের মেলে ধরেছেন। শুরুতে তারিক কাজী তালগোল পাকিয়ে ফেলায় গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে ফেরে সমতা। মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দলটি।
অথচ এই ম্যাচটি জয়ের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। পরাজয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে। বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশের বাকি আছে দুই ম্যাচ। ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
হংকংয়ের সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখন তাকিয়ে ভারত ম্যাচের দিকে, ‘আজকে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। হাই লেভেল ফুটবল খেলেছি। চাপ প্রয়োগ করেছি। ভাগ্য ভালো হলে আমরা জিততেও পারতাম। আরও গোল করার মতো সুযোগ পেয়েছি। সামনে আমাদের ভারতের সঙ্গে ম্যাচ। সেই ম্যাচেই ফোকাস আমাদের।’
- বিষয় :
- বাংলাদেশ
- হ্যাভিয়ের ক্যাবরেরা
