লামিনের আলো কাড়লেন এস্তেভাও, বার্সাকে হারাল চেলসি
বার্সার জালে গোল দিয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ামের উদযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৯:০৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ০৯:১৭
দু'জন ফুটবলের বিস্ময়বালক। লামিন ইয়ামাল প্রমাণিত। এস্তেভাও উইলিয়াম উঠতি। স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি লড়াইয়ে লামিনের ওপরে থাকা সব আলো কেড়েছেন সবে ১৮ বছরে পা দেওয়া এস্তেভাও। দুর্দান্ত একটা গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে চেলসি জিতেছে ৩-০ গোলে।
মঙ্গলবার রাতে ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল পায় চেলসি। বার্সার ফ্রেঞ্জ ডিফেন্ডার জুলেন কুন্দে বল পাঠিয়ে দেন নিজেদের জালে। অবশ্য মার্ক কুকুরেয়ার জোরের ওপর করা লো ক্রস ফেরানোর কোন বুদ্ধিও ছিল না বার্সা তারকার।
প্রথমার্ধের ৪৪ মিনিটে বার্সার ল্যাতিন ডিফেন্ডার রোনাল্ড আরাহো লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ঘরের মাঠে পেয়ে বসে চেলসি।
যার সুযোগ নিয়ে ৫৫ মিনিটে এস্তেভাও জালে বল পাঠান। বাঁ পায়ের এই ফুটবলার দারুণ দক্ষতায় বল টেনে ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে জোরের ওপর শট নিয়ে কাতালান দলটির গোলরক্ষককে ফাঁকি দেন। চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের পর কম বয়সী হিসেবে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েন।
বার্সার জালে শেষ পেরেক ঠুকে দেন লিয়াম ডিলাপ। ম্যাচের ৭৩ মিনিটে গোল করেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচ শেষে সেরা আটে ঢুকল চেলসি। বার্সা নেমে দাঁড়াল ১৫ তে।
- বিষয় :
- ফুটবল
- চ্যাম্পিয়ন্স লিগ
- চেলসি
