ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ভারানের দুই উপহারে শেষ আটে ম্যানসিটি

ভারানের দুই উপহারে শেষ আটে ম্যানসিটি
×

ছবি: এএস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ২০:৩৬

লিসবনে যাওয়ার টিকিট জোগাড় করেছে ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরার প্রতিযোগিতার সেরা দল রিয়াল মাদ্রিদকে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। নিশ্চিত করেছে শেষ আটে জায়গা।

ম্যাচের ৯ মিনিটে রাহিম র্স্টালিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। রামোসের অনুপস্থিতিতে মূল ডিফেন্ডারের দায়িত্ব পালন করা রাফায়েল ভারানের ভুলে রিয়াল নিজেদের ওপর চাপ বাড়ায়। সেই চাপ রিয়াল মাদ্রিদ ২৮ মিনিটে গোল করে মুক্ত হয়। করিম বেনজেমা দারুণ এক হেডে দলের পক্ষে সমতা সূচক গোলটি করেন।

এরপর গোল করতে দুই দল মরিয়া চেষ্টা চালায়। অসাধারণ কিছু সেভ করেছেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন। তেমনি গোলবারের নিচে সেরাটা দিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়াও। কিন্তু আবার ভারানের ভুলে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের ৬৮ মিনিটে ভারানে হেড দিয়ে গোলরক্ষকের উদ্দেশ্যে বল পাঠান। তার সেই বল ধরে গোল করেন সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সম্ভাবনা শেষ করে দেন তিনি।

এর আগে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা জিনেদিন জিদান এই প্রথম নকআউট পর্বে বিদায় হওয়ার স্বাদ নিলেন। তবে ঘরের মাঠে রিয়ালের থেকে ম্যানচেস্টার সিটি বেশি পরিকল্পিত ম্যাচ খেলেছে। পেপ গার্দিওয়ালার দল বেশি সুযোগ তৈরি করেছে। আবার রিয়ালের চেয়ে বেশি গোলের সুযোগও হারিয়েছে। চলতি মৌসুমে লিগ কাপ, এফ কাপ জয়ের সুযোগ হারানো ম্যানসিটি এবার তাকিয়ে আছে চ্যাম্পিয়নস লিগের দিকে। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। শেষ আটে লিসবনে এক লেগের খেলায় তারা মুখোমুখি হবে লিঁওর।

আরও পড়ুন

×