ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে আপত্তি মোহামেডানের

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে আপত্তি মোহামেডানের
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৫

ফেডারেশন কাপের সূচি অনুযায়ী ১৬ ডিসেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা আছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। কিন্তু কুমিল্লা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় প্রশাসনের অনুষ্ঠান রয়েছে। এই জন্য কুমিল্লার পরিবর্তে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

কিন্তু আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে এই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই জন্য শনিবার মোহামেডানকে চিঠি দিয়েও জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল ফিরতি চিঠিতে বাফুফেকে মোহামেডান জানিয়ে দিয়েছে তারা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চায় না। প্রয়োজনে ১৬ ডিসেম্বরের পরিবর্তে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চারের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য যে কোনো দিন ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে মোহামেডান। বাফুফেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন জানিয়েছে সাদা-কালো ক্লাবটি।

বাফুফে চিঠিতে জানিয়েছে, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করবে। ওই দিন পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকা সম্ভব না বিধায় বাফুফে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায়। বাফুফের চিঠির জবাবে মোহামেডান উল্লেখ করেছে, আন্তর্জাতিক ম্যাচগুলোতে অনেক দর্শক সমাগম হচ্ছে। ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরছেন, সেখানে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজন সেই ধারাকে ব্যাহত করবে।

আরও পড়ুন

×