‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১৯:৪৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে দেশবাসী। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় তার জানাজা। হাদির এই অকাল প্রস্থান ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়কেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় হাদিকে ‘সৌভাগ্যবান’ হিসেবে অভিহিত করেছেন এই ব্যাটার।
হাদি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সংসদ সদস্য হয়ে যেখানে যাওয়ার স্বপ্ন ছিল তার, কফিনে মুড়িয়ে বীরের বেশেই সেখানে গেলেন তিনি। হৃদয়ের স্ট্যাটাসে উঠে এসেছে সেই আক্ষেপ আর প্রাপ্তির কথা।
ফেসবুকে হাদির জানাজার প্রসঙ্গ টেনে হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।’
হাদি যে মানুষের কতটা ভালোবাসা নিয়ে পৃথিবী ছেড়েছেন, সেটি উল্লেখ করে হৃদয় আরও লেখেন, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার জানাজা শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই তরুণ নেতাকে।
- বিষয় :
- ওসমান হাদি
- তাওহিদ হৃদয়
