ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক ওভারে ৫ উইকেট! টি২০তে প্রিয়ান্দানার নতুন ইতিহাস

এক ওভারে ৫ উইকেট! টি২০তে প্রিয়ান্দানার নতুন ইতিহাস
×

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৬:১৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। এক ওভারেই তুলে নিলেন ৫টি উইকেট। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়ে বিশ্বরেকর্ডে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।

ইন্দোনেশিয়ার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। ম্যাচের ১৬তম ওভারে আসেন প্রিয়ান্দানা। আর এসেই ওলটপালট করে দিলেন সব হিসাব। ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বলটি ডট দেওয়ার পর পঞ্চম বলে আবারও আঘাত। শেষ বলের আগে একটি ওয়াইড দিলেও বৈধ শেষ বলে তুলে নেন ওভারের পঞ্চম উইকেট। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন প্রিয়ান্দানা। ম্যাচটি ৬০ রানে জিতে নেয় ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক মঞ্চে এটি প্রথম ঘটনা হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন নজির আগেও দেখা গেছে। যার একটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন পেসার আল-আমিন হোসেন। এছাড়া ২০১৯-২০ মৌসুমে ভারতের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একই কীর্তি গড়েছিলেন কর্নাটকের অভিমন্যু মিথুন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। যার মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার টানা ৪ বলে ৪ উইকেট শিকার ছিল সবচেয়ে আলোচিত। এবার সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন ইন্দোনেশিয়ার প্রিয়ান্দানা।

আরও পড়ুন

×