ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিএসএল নিলামে অবিক্রিত সাকিব-মিরাজ

পিএসএল নিলামে অবিক্রিত সাকিব-মিরাজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২২

তরুণ রিশাদ যখন আকাশছোঁয়া দামে দল পেলেন, তখন অভিজ্ঞদের কপালে জুটল হতাশা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের নিলামে দল পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। অথচ গত আসরে এই তিনজনই খেলেছিলেন একই দল লাহোর কালান্দার্সে।

বুধবার দুপুরে শুরু হওয়া নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। রিশাদ দল পাওয়ার পর ভক্তদের চোখ ছিল সাকিবের দিকে। কিন্তু নিলামে তার নাম উঠলে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকেই যেতে হলো সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

মিরাজের হতাশা এর আগে নিলামের শুরুতে ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারকে নিতেও আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে অবিক্রিত থেকে যান তিনিও।

বাংলাদেশের দুই তারকা দল না পেলেও এদিন চমক দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সাড়ে ৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে সাকিব-মিরাজের মতো অবিক্রিত থাকার তালিকায় আছেন ইমাদ ওয়াসিম, আসিফ আফ্রিদি, কাইল মায়ার্স ও কলিন মুনরোর মতো টি-টোয়েন্টি তারকারাও।

উল্লেখ্য, এবারের নিলামে মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে।

আরও পড়ুন

×