ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুম্বাইয়ে ‘পাওয়ার হিটিংয়ের’ সেমি

মুম্বাইয়ে ‘পাওয়ার হিটিংয়ের’ সেমি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৩:৩০

মানুষটি মনমরা হয়ে আছেন, সাত ইনিংসে কিনা মাত্র ৬২ রান! কিন্তু সূর্যকুমাররা তো জানেন, নিজের দিনে কি তাণ্ডবই না চালাতে পারেন ইংলিশ ওপেনার জশ বাটলার। বছর চার আগে অ্যাডিলেডের টোরেন্স নদীর পারে এমনই এক সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। ৮০ রানের বিধ্বংসী ইনিংস ছিল বাটলারের। তারপর অবশ্য সেই বদলা গায়ানায় নিয়েছিল ভারত ২০২৪ বিশ্বকাপে এই ইংল্যান্ডকেই সেমিতে হারিয়ে। 

টানা তিন আসরে আজ আবার সেই ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। এবারে সাক্ষী মুম্বাই। লাল মাটির বাইশ গজ এমনিতেই বুক পেতে রেখেছে অঢেল রানের, সেখানে দুই দলের হাতে আছে ‘পাওয়ার হিটার’। ১ থেকে ৯ নম্বর পর্যন্ত দুই দলের ব্যাটিং গভীরতা এতটাই যে, দুইশ ছাপানো স্কোরেও বোলারদের ঘাম ছুটতে পারে তা রক্ষা করতে গিয়ে। তবে কিনা এই আসরে এখন পর্যন্ত আরব সাগরতীরের এই ভেন্যুটিতে এসে মন ভরাতে পারেনি ইংলিশরা। প্রথম ম্যাচে তো নেপাল ঘাম ছুটিয়ে দিয়েছিল তাদের। পরের ম্যাচে উইন্ডিজের কাছ হেরেছিল হ্যারি ব্রুকরা। সেই তুলনায় সূর্যকুমারদের জন্য এই মাঠ হাতের তালুর মতোই চেনা। পয়া মাঠ নিয়ে তাদের বিশ্বাস এতটই যে, মঙ্গলবার চন্দ্রগ্রহণের সময় ‘অশুভ’ ধরে অনুশীলন পিছিয়ে দিয়েছিলেন অভিষেক শর্মারা।

পাওয়ার হিটিং বা বড় শট খেলার দক্ষতায় দু্ই দল কাছাকাছি থাকলেও ব্রুকদের মধ্যে গাজোয়ারি আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝাঁজ কিছুটা বেশি। সে ক্ষেত্রে সূর্যকুমাররা কৌশলী হিটিংয়ে বেশি অভ্যস্ত। এবারের আসরের একটা হিসাব বলছে, পাওয়ার প্লেতে ভারত গড়ে ৫৫ রান করে তুলেছে, যদিও তার মধ্যে নামিবিয়ার বিপক্ষে ৮৬ রানের ইনিংসটি বাদ দিলে তা দাঁড়ায় ৪৮ রান। তুলনায় ইংল্যান্ডের গড় ৫২। 

ভারতীয় টপঅর্ডারদের মধ্যে অভিষেক শর্মা তাঁর চেনা ছন্দে নেই। ইশান কিশান আসরের শুরুটা ভালো করলেও ধারাবাহিক নন। এখন সঞ্জু স্যামসনকে নিয়ে আশা দেখছে ভারত। তবে ইংলিশ পেসার জোফরা আর্চারের কাছে এই সঞ্জুই ইংল্যান্ড সিরিজে তিন-তিনবার আউট হয়েছিলেন। টপঅর্ডারের তুলনায় ভারতের মিডলঅর্ডারে সূর্যকুমার, তিলক আর পান্ডিয়ারা বরং বেশি ভালো করছে। 

ঠিক এখানেই তাদের বৈচিত্র্যময় ইংলিশ স্পিনারদের সামনে পরীক্ষা দিতে হবে। আদিল রশিদের গুগলি, উইল জ্যাকসের অফস্পিনের সঙ্গে তাদের শক্তি বেড়েছে নবাগত রেহান আহমেদকে নিয়ে। মাঝের ওভারগুলোতে ভারতীয় বাঁহাতি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে দাঁড়াতে পারেন আদিল। যদিও শ্রীলঙ্কার পিচে বাড়তি সুবিধা পেয়েছিলেন তিনি, তবে এই মুম্বাইয়েও ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রানে দুই উইকেট শিকার করেছিলেন তিনি। তা ছাড়া উইল জ্যাকসকে দিয়ে ইংলিশ অধিনায়ক তাদের বোলিং ওপেন করেছেন কলম্বোতে। মুম্বাইতেও অভিষেক শর্মার জন্য সেই তত্ত্বই রাখতে পারেন তিনি। আইপিএলে ইশান কিশানকে ছক কষে আউট করেছিলেন জ্যাকস। ইংল্যান্ডের এই স্কোয়াডের ১৫ জনের ১২ জনই আইপিএল খেলছেন। তাই বুমরাহ, বরুণ, আর্শদীপদের কীভাবে সামলাতে হয়, তা জানেন তারা।

তবে তাদের অধিনায়ক হ্যারি ব্রুক কিন্তু আইপিএলে নিষিদ্ধ আছেন। পরপর দুবার নিলামে ডাক পেয়েও ব্যক্তিগত কারণে খেলননি আইপিএল। তাই আগামী দুই মৌসুমের জন্য তাঁর নাম কাটা। তাই আজকের ম্যাচে তাঁর জন্যও হতে পারে দেখিয়ে দেওয়ার বড় মঞ্চ। এই আসরে বিধ্বংসী মেজাজে এই ইংলিশ অধিনায়ক। ২২৮ রান করেছেন এরই মধ্যে। বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেলের কাছ থেকে গড়ে ওভারপ্রতি ৯টি করে রান নেওয়ার রেকর্ড আছে ব্রুকের। 

আর কে না দেখেছে, এবারের আসরে ভারতীয় দলের সবচেয়ে দুর্বল জায়গা বোলিং। এক জাসপ্রীত বুমরাহ ছাড়া কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তাই পাওয়ার প্লেতে বরুণ আর অক্ষরকে লুকিয়ে রাখারই চেষ্টা করবেন সূর্যকুমার। সল্ট, বাটলার আর ব্রুকঝড় ওঠার আগেই তা থামানোর চেষ্টা করবেন। তা না হলে যে মুম্বাইয়ে হোলি উৎসবের রং নীল না হয়ে লাল হয়ে যাবে।

আরও পড়ুন

×