চতুর মিরাজ নাকি দুর্ভাগা সালমান?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১৯:২৪
সাকিব আল হাসানের সেই আলোচিত 'টাইমড আউট' কাণ্ডের স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে 'টাইমড আউট' করেছিলেন সাকিব। আজ প্রায় একই ধরণের এক বিতর্কের জন্ম দিলেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত এক রান আউটের শিকার হলেন সালমান আলী আগা, যা কিনা উসকে দিয়েছে ক্রিকেটীয় স্পিরিট বা স্পোর্টসম্যানশিপের পুরনো বিতর্ক।
ঘটনাটি ছিল পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের। ওভারের চতুর্থ বলে স্ট্রাইক প্রান্তে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজের করা ডেলিভারিটি ফ্লিক করতে চেয়েছিলেন রিজওয়ান, কিন্তু বলটি গিয়ে আটকে যায় নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আলী আগার পায়ের কাছে। এ সময় সালমান অনিচ্ছাকৃতভাবে ক্রিজ থেকে কিছুটা বাইরে ছিলেন।
চতুর মিরাজ বলটি বের করার চেষ্টা করলে সালমান নিজেই সৌজন্যবশত পা দিয়ে বলটি মিরাজের দিকে ঠেলে দেওয়ার বা তাকে সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু বল হাতে পাওয়া মাত্রই মিরাজ কালক্ষেপণ না করে স্ট্যাম্প ফেলে দিয়ে রান আউটের আবেদন করেন। সালমান তখনো ক্রিজের বাইরে ছিলেন। এতে তৃতীয় আম্পায়ার তাকে আউটের সিগনাল দেন।
Crucial moment! Mehidy Hasan Miraz removes Salman Agha with a brilliant run-out. ⚡🏏#BCB #Cricket #Bangladesh #Pakistan #ODI pic.twitter.com/N0inKkZVwz
— Bangladesh Cricket (@BCBtigers) March 13, 2026
এমন আউট মেনে নিতে পারেননি সালমান আলী। চরম ক্ষোভ আর বিরক্তি নিয়ে মাঠ ছাড়ার সময় তাকে হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারতে দেখা যায়। সালমানের এমন প্রতিক্রিয়ার এক পর্যায়ে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকেও ক্ষুব্ধ হতে দেখা যায়। তখন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান তাকে শান্ত করতে এগিয়ে যান। এমন সময়ে বোলার মিরাজকেও খেপে উঠতে দেখা যায়, তাকে বোলিং প্রান্তের দিকে নিয়ে যান নাজমুল হোসেন।
সাকিবের টাইমড আউটের মতো এই ঘটনাটিও ধারাভাষ্য কক্ষে বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা ধারাভাষ্য দেওয়ার সময় জানান, সাকিবের ঘটনা আর মিরাজের এই রান আউট দুটোই ক্রিকেটের আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। তবে নৈতিকতা বা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের জায়গা থেকে এটি প্রশ্নবিদ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমর্থকদের এক পক্ষ মিরাজকে সমর্থন করে বলছেন, ব্যাটসম্যানের দায়িত্ব হচ্ছে ক্রিজের ভেতরে থাকা, আর মিরাজ কেবল পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। অন্যপক্ষ বলছেন, যেখানে প্রতিপক্ষ ব্যাটার বোলারকে সাহায্য করতে চেয়েছেন, সেখানে এমন আউট ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে।
আইনত মিরাজ সঠিক থাকলেও, মিরপুরের এই 'অদ্ভুত আউট' যে দীর্ঘ সময় আলোচনায় থাকবে, তা বলাই বাহুল্য।
- বিষয় :
- মেহেদী হাসান মিরাজ
- বাংলাদেশ-পাকিস্তান
