ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুযোগ নষ্টের খেসারত, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

সুযোগ নষ্টের খেসারত, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১৯:৪৮

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দাপুটে শুরু করে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে গোল হজম করে হতাশা নিয়ে বিরতিতে গেছেন হামজারা।

ম্যাচের প্রথম ১৫ মিনিট বলের দখল ও আক্রমণে পুরোপুরি আধিপত্য ছিল বাংলাদেশের। ১২ মিনিটের মাথায় সিঙ্গাপুর আক্রমণে ওঠার চেষ্টা করলেও তা থেকে বড় কোনো বিপদ হয়নি। ১৪ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে চমৎকার এক ক্রস বাড়ান সাদ উদ্দিন। সেখানে একেবারেই ফাঁকায় বল পেয়েছিলেন কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু তার নেওয়া হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে সিঙ্গাপুর। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে ইখসান ফান্দির জোরালো শট গোলরক্ষক মিতুল মারমা শরীর দিয়ে রুখে দেন। ২৬ মিনিটে কর্নার থেকে বাহারুদ্দিনের হেডও মিতুল সহজেই গ্লাভসবন্দি করেন।

তবে ৩১ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। মাঝমাঠ থেকে বল পেয়ে দারুণ এক পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। কুয়েহর নেওয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। তার হাত থেকে ফিরে আসা বল পেয়ে যান ইখসান ফান্দি। তিনি ফাঁকায় থাকা হারিস স্টুয়ার্টকে বল বাড়ালে নিখুঁত শটে বল জালে জড়াতে ভুল করেননি স্টুয়ার্ট। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৩৯ মিনিটে ডান প্রান্ত থেকে লম্বা থ্রোয়ের পর সাদ ও ফাহিমের বোঝাপড়ায় নেওয়া দূরপাল্লার একটি শট বারের অনেক ওপর দিয়ে যায়। আক্রমণের ধারা বজায় রেখে দ্রুতই বাম প্রান্ত দিয়ে আবার হানা দেয় বাংলাদেশ। মোরসালিনের নেওয়া শট সিঙ্গাপুরের বাহারুদিন ব্লক করার পর ফিরতি বলে ফাহিম শট নিতে গেলে ডি-বক্সের ভেতর স্বাগতিক ডিফেন্ডারের বাধায় পড়ে যান। বাংলাদেশের খেলোয়াড়েরা জোরালো পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।

প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সাদের ট্যাকলের পর পায়ে আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন সিঙ্গাপুরের ফরোয়ার্ড কুয়েহ। ব্যথায় কাতরাতে থাকা এই খেলোয়াড় আর খেলা চালিয়ে যেতে পারেননি। তার বদলি হিসেবে মাঠে নামেন ইলহান ফান্দি। আর এর মধ্য দিয়ে সিঙ্গাপুরের হয়ে একসঙ্গে তিন ফান্দি ভাই এখন মাঠে খেলছেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে বাংলাদেশ।

আরও পড়ুন

×