ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশে নিউজিল্যান্ডের ‘শিক্ষা সফর’

বাংলাদেশে নিউজিল্যান্ডের ‘শিক্ষা সফর’
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৯:০৩

একটা সময় এমনই হতো, প্রতিটি টেস্ট খেলুড়ে দলের বহু প্রতিভাবান ক্রিকেটারদের অভিষেক হতো বাংলাদেশ সফরে এসে। ধোনি থেকে শুরু করে বেন ডাকেট, সাইদ আজমল থেকে হালের রাচিন রবীন্দ্র– তাদের প্রত্যেকের স্মৃতিতে স্মরণীয় বাংলাদেশ সফর। কেননা এখানে এসেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তারা। মাঝে এই রীতি কিছুটা কমে এসেছিল, ২০১৫ বিশ্বকাপের আগে থেকেই প্রতিটি দলই প্রায় শক্তিশালী স্কোয়াড নিয়ে মিরপুরে খেলতে এসেছে। তবে অনেকে আবার বাংলাদেশ সফরকে ‘শিক্ষাসফর’ বানিয়ে নিয়েছে। 

কিছুদিন আগেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ছয় ক্রিকেটারের অভিষেক করিয়ে নেয় পাকিস্তান। এবার নিউজিল্যান্ডও টি২০ সিরিজে তিন নবাগতকে অভিষেক করাতে নিয়ে আসছে। 

টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের মাত্র এক সদস্য ইশ সোধিকে নিয়ে আসছে তারা। অধিনায়ক টম লাথামকে বাংলাদেশ সফরের নেতৃত্ব দেওয়া হয়েছে। যিনি কিনা ১৪ বছরের ক্যারিয়ারে টি২০ খেলেছেন মাত্র ২৯টি, যার মধ্যে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত অধিনায়ক না থাকায়। 

তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকা আসার কথা নিউজিল্যান্ড দলের। নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলা ১৫ জনের স্কোয়াডের ১২ জনই এই মুহূর্তে আইপিএল খেলছেন। দুজন খেলছেন পাকিস্তান সুপার লিগে। তাই অনেকটা বাধ্য হয়েই ‘এ’ দলের একাধিক ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। যাদের মধ্যে মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক ও জশ ক্লার্কসন গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন। 

ওয়ানডে স্কোয়াডে ডেন ক্লেভারের মতো এমনও ক্রিকেটার আছেন যাঁকে কিনা ডাকা হয়েছে চার বছর পর, যিনি কিনা স্কটল্যান্ডের বিপক্ষে একটি মাত্র ওডিআই খেলেছিলেন। ওয়ানডে সিরিজ শুরু হবে মিরপুর থেকে। ১৭ ও ২০ এপ্রিল সেখানে দুটি ওয়ানডে খেলার পর চট্টগ্রামে ২৩ এপ্রিল হবে শেষ ম্যাচ। টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল হবে চট্টগ্রামে। সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে ২ মে। 

আরও পড়ুন

×