ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় ইশানের ঝড়ো সেঞ্চুরি, বল হাতে ইমরানের দুর্দান্ত নৈপুণ্য

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় ইশানের ঝড়ো সেঞ্চুরি, বল হাতে ইমরানের দুর্দান্ত নৈপুণ্য
×

ইমরান খান ও ইভান রায়হান ইশান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ২০:২৩

দেশজুড়ে চলমান নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর ষষ্ঠ দিনে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছে দুই কিশোর ক্রিকেটার—ইভান রায়হান ইশান ও ইমরান খান।

চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে কোতোয়ালি শিক্ষা থানার হয়ে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্র মাত্র ৪২ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৭টি চার। ইশানের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে কোতোয়ালি।

জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে মীরসরাই উপজেলা দল মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়। ফলে বড় ব্যবধানে জয় পায় কোতোয়ালি। ইশানের এই পারফরম্যান্স ইতোমধ্যে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ৪ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি।

ইমরানের বিধ্বংসী বোলিংয়ে গফরগাঁও উপজেলা দল ১৬ রানে অলআউট হয় এবং সহজ জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ইশানের সেঞ্চুরি ও ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের আকর্ষণ আরও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×