ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপের আর ২৯ দিন

হারিয়ে গেল আর্জেন্টিনার দিবালা, নেই ব্রাজিলের এস্তেভাও 

হারিয়ে গেল আর্জেন্টিনার দিবালা, নেই ব্রাজিলের এস্তেভাও 
×

বিশ্বকাপে নেই আর্জেন্টিনার পাউলো দিবালাও, এস্তেভাওকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ব্রাজিলের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১০:৫৮ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১১:০১

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে সবচেয়ে ধারাবাহিক ছিলেন এস্তেভাও। ১৯ বছরের এই তরুণকে ঘিরেই হেক্সার স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। তাঁর অনুপস্থিতি ব্রাজিলিয়ানদের জন্য একটা স্বস্তির খবরও নিয়ে এসেছে। তিনি না থাকায় নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়ে গেছে। এই বিশ্বকাপে নেই আর্জেন্টিনার পাউলো দিবালাও। এস্তেভাওর ভবিষ্যতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে, কিন্তু দিবালা যে ফুটবল থেকেই হারিয়ে যেতে বসেছেন!

দিবালা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ফাইনালে টাইব্রেকারে গোলও করেছিলেন। সেটাই ছিল বিশ্বকাপে তাঁর একমাত্র স্মরণীয় স্মৃতি। কারণ, গত বিশ্বকাপে সব মিলিয়ে মাত্র ১৭ মিনিট মাঠে ছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ১৬ মিনিট ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ১ মিনিট। কিন্তু ৩২ বছর বয়সী এ তারকাকে ৫৫ জনের প্রাথমিক দলে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে দিবালার বাদ পড়াটা মোটেও অপ্রত্যাশিত নয়। 

আর্জেন্টিনার হয়ে সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। চোটের কারণে তাঁর ফিটনেসের অবস্থা এতটাই খারাপ যে আর্জেন্টিনা জাতীয় দল তো দূরের বিষয়, ক্লাবেই খেলার সুযোগ পাচ্ছেন না। বেশ কয়েকবার চোটে পড়ায় চলতি মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। পুরো মৌসুমে রোমার হয়ে মাত্র ছয়টি ম্যাচে ৯০ মিনিট খেলতে পেরেছেন। আর যে ম্যাচগুলোতে খেলেছেন, সেগুলোতেও ছন্দে ছিলেন না। যে কারণে রোমা তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছে না। জুভেন্টাসে সাত বছর কাটিয়ে ২০২২ সালে রোমায় যোগ দেন আর্জেন্টাইন এ তারকা। 

এ মৌসুম শেষেই তাঁর সঙ্গে রোমার চুক্তি শেষ হবে। রোমা চুক্তি নবায়ন করবে না। এখন পর্যন্ত অন্য কোনো ক্লাব থেকেও প্রস্তাব পাননি দিবালা। অবস্থা দেখে মনে হচ্ছে দিবালার ফুটবল ক্যারিয়ারই অন্ধকারাচ্ছন্ন!

গত এপ্রিলের শেষ দিকে চেলসির হয়ে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন এস্তেভাও। তখন আশা করা হচ্ছিল, দ্রুতই সুস্থ হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন তিনি। কিন্তু সেটা আর হচ্ছে না। ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল বিশ্বকাপের আগে এস্তেভাওয়ের ফিট হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোও নিশ্চিত করেছে তাঁকে ছাড়াই ৫৫ দলের প্রাথমিক দল জমা দিয়েছেন কোচ। 

ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মের মধ্যে যোগ্যতা অর্জনকারী প্রতিটি দেশকে ৫৫ জনের তালিকা জমা দিতে হয়েছে। এ তালিকা থেকেই ২৬ জনের চূড়ান্ত দল বেছে নিতে হবে। চোটের কারণে এরই মধ্যে রদ্রিগো ও এডার মিলিতাও ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন। আর এস্তেভাও ছিটকে যাওয়ায় নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়ে গেল। সূত্রের দাবি, ৫৫ জনের প্রাথমিক দলে আছেন নেইমার। 

আরও পড়ুন

×