ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিল মায়ামি কোচ

মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিল মায়ামি কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৫:৫৫ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৬:১৪

২০২৬ বিশ্বকাপের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ১৭ দিন। এমন সময় লিওনেল মেসিকে নিয়ে ইনজুরির শঙ্কায় পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি-কিক নেওয়ার পর থেকেই বেশ অস্বস্তিতে ভুগছিলেন তিনি। বাঁ-পায়ের পেশি চেপে ধরে থাকতে দেখা যায় তাকে। এরপর কোনো ঝুঁকি না নিয়ে নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলি খেলোয়াড় নামানোর ইঙ্গিত দেন। মেসির পরিবর্তে তখন মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

মেসির এমন মাঠ ছাড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আলবিসেলেস্তে ভক্তদের মনে দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করে। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ গুইলের্মো হয়েস। তিনি জানান, এটি গুরুতর কোনো চোট নয়, বরং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাকে তুলে নেওয়া হয়েছে।

কোচ হয়েস বলেন, ‘আমরা এখনও ক্লাবের মেডিকেল টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক রিপোর্ট পাইনি। তবে লিও বেশ ক্লান্ত ছিল। তা ছাড়া আজ মাঠের কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। বিশ্বকাপের আগে আমরা তার ওপর কোনো ধরনের বাড়তি ঝুঁকি নিতে চাইনি বলেই এই দ্রুত বদলির সিদ্ধান্ত।’

বিশ্বকাপকে সামনে রেখে মেজর লিগ সকার (এমএলএস) এখন থেকেই দীর্ঘ বিরতিতে যাচ্ছে। ফলে আপাতত ক্লাব ফুটবলের চাপ নেই, সবার পুরো নজর এখন মেসির ফিটনেসের দিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনও তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেনি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন

×