বার্সেলোনায় যোগ দিয়ে গর্ডনের স্বপ্নপূরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১১:১৭
ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ইএসপিএন জানিয়েছে, গর্ডনকে কিনতে প্রাথমিকভাবে বার্সার খরচ হচ্ছে ৭ কোটি ইউরো। বিভিন্ন শর্ত পূরণ হলে অঙ্কটি ৮ কোটি ইউরোরও বেশি হতে পারে।
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও। যে কারণে গর্ডনকে দলে নিতে দ্রুততম সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বার্সেলোনা।
এর আগে গত বুধবার ইএসপিএন জানিয়েছিল, গর্ডনের দলবদলের ফি নিয়ে বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য কাতালান শহর বার্সেলোনায় উড়ে যান এই তরুণ ফুটবলার।
সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠানে গর্ডন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকে এখানে খেলার স্বপ্ন দেখেছি। সত্যিই আমার স্বপ্নপূরণ হতে যাচ্ছে। আমি জানি, এই ক্লাবে খেলতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। তবে আমি সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই দায়িত্ব নেওয়ার জন্যও আমি প্রস্তুত। আমি জানি, এই জার্সি আগে যারা পরেছেন, তাদের কারণে এর আলাদা এক মর্যাদা ও ভার আছে। তবে আমি প্রস্তুত। এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
তিনি বলেন, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, ছোটবেলায় আমি ভাবতাম একদিন বার্সেলোনার হয়ে খেলব। তাই স্প্যানিশে কথা বলতে চেয়েছি। নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিও আছেন। আমরা প্রতিদিন কথা বলতাম। তাকে আমি বলতাম, একদিন বার্সেলোনার হয়ে খেলব, তাই স্প্যানিশ শিখতে চাই। এভাবেই ভাষাটা কিছুটা রপ্ত করেছি।’
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের চাওয়া অনুযায়ী এ গ্রীষ্মে আক্রমণভাগে যে পরিবর্তন আনা হচ্ছে, তারই অংশ হিসেবে দলে যোগ দিয়েছেন গর্ডন। মূলত বাঁ প্রান্তে খেললেও অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেও খেলতে পারেন তিনি। তার আগমনে আরও শক্তিশালী হলো বার্সেলোনার আক্রমণভাগ, যেখানে আগে থেকেই আছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
গর্ডন বলেন, ‘লামিনে ও দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব, এটা ভেবে আমি রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আপনার চারপাশে যত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকবে, আপনি তত ভালো খেলতে পারবেন।’
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন গর্ডন।
- বিষয় :
- বার্সা
- ফুটবল
- বার্সেলোনা
