ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

১৫ বছরেই ভারতীয় দলে সূর্যবংশী, বাদ পড়লেন সূর্যকুমার

১৫ বছরেই ভারতীয় দলে সূর্যবংশী, বাদ পড়লেন সূর্যকুমার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৫:২৫

ধারাবাহিকভাবে রানের বন্যা বইয়ে দেওয়ার পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ তুর্কি। সূর্যবংশীকে স্কোয়াডে রেখেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং আসন্ন এশিয়ান কাপের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় দল ঘোষণার সবচেয়ে বড় ও আলোচিত চমকটি এসেছে অধিনায়কত্বে। সূর্যকুমার যাদব তার টি-টোয়েন্টি দলের নেতৃত্বের সঙ্গে দল থেকেই পুরোপুরি বাদ পড়েছেন। সূর্যকুমারের জায়গায় ভারতের কুড়ি ওভারের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াশ আইয়ারকে।

সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় এবং ২৩৬.৫৮ অবিশ্বাস্য স্ট্রাইকরেটে ৭৭৬ রান সংগ্রহ করেন তিনি। এ ছাড়া গত দুই বছর ধরে ভারতের বয়সভিত্তিক দল ও ঘরোয়া ক্রিকেটেও দারুণ খেলছিলেন এই ওপেনার। যার ফলে অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল তার।

সূর্যবংশী ছাড়াও আইপিএলের বেশ কয়েকজন আলোচিত পারফর্মার নির্বাচকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, প্রিন্স যাদব ও হর্ষিত রানা। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

এশিয়ান কাপের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও বৈভব সূর্যবংশী।

আরও পড়ুন

×