ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরাকি ফুটবলারকে ৭ ঘণ্টা জেরা

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরাকি ফুটবলারকে ৭ ঘণ্টা জেরা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৩:১৬

দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ধাক্কা খেল দলটি। মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতেই হেনস্তার শিকার হতে হয়েছে ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হুসেনকে। শিকাগো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শনিবার ভোরে ইরাক ফুটবল দল শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই ঘটনা ঘটে। ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী স্ট্রাইকার আইমেন হুসেনকে বাকিদের থেকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এরপর তাকে টানা সাত ঘণ্টা ধরে নানা বিষয়ে জেরা করা হয়। এমনকি তার ব্যক্তিগত মুঠোফোনও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন মার্কিন কর্মকর্তারা। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর হুসেনকে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

আইমেন হুসেন মুক্তি পেলেও দলের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহ কিন্তু ছাড় পাননি। তাকে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না দিয়ে মেক্সিকো বা অন্য কোথাও ফেরত পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত এই বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা হুসেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নিয়ে কোনো জবাব দেয়নি।

আইমেন হুসেনের গোলেই মূলত প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরাক। তাই প্রিয় নায়ককে স্বাগত জানাতে ভোররাতেই বিমানবন্দরে ভিড় করেছিলেন শত শত ইরাকি সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারির মতোই প্রবাসীরা ইরাকের পতাকা হাতে নিয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সঙ্গে ছবি তুলছেন।

এবারের আসরে গ্রুপ ‘আই’তে লড়বে মধ্যপ্রাচ্যের এই দেশটি। যেখানে তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে খেলবে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

আরও পড়ুন

×