ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

ফুটবল ইতিহাসে আমার নাম পাকা করে রেখেছি: নেইমার

ফুটবল ইতিহাসে আমার নাম পাকা করে রেখেছি: নেইমার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:২৬ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১১:৪৫

প্রায় তিন বছর পর নেইমার ব্রাজিল জাতীয় দলে ফিরলেও কবে মাঠে নামবেন, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। দলের সঙ্গে যুক্তরাষ্ট্র এলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ভেন্যু ওহাইওর ক্লিভল্যান্ডেও যাননি। পুনর্বাসনের জন্য নিউ জার্সিতেই রয়ে গেছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামা নিয়েও তাঁর অনিশ্চয়তা আছে। এর পরও নেইমারকে ঘিরেই আবর্তিত হচ্ছে ব্রাজিলের হেক্সার স্বপ্ন। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর প্রত্যাশা রয়েছে নেইমারেরও। তবে ৩৪ বছর বয়সী এই ফুটবলার মনে করছেন, এরই মধ্যে ফুটবল ইতিহাসে স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।

রেডবুল আলটিমেট সকার চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি, ফুটবলে আমার উত্তরাধিকার তৈরি হয়ে গেছে। ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে ইতিহাস গড়তে পেরেছি, ফুটবল ইতিহাসে নিজের নাম পাকা করে রেখে যেতে পেরেছি। একদিন আমি আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারব, দেশের জন্য আমি কত গুরুত্বপূর্ণ কাজ করেছি।’ ফুটবলবিশ্বে তিনি ঠিক কীসের জন্য স্মরণীয় হয়ে থাকতে চান– এমন প্রশ্নে নেইমার বলেছেন, ‘আমি এমন একজন মানুষ, যে মাঠের ভেতরে নিজের আসল রূপেই চনমনে থেকেছি। সান্তোস, বার্সেলোনা, পিএসজি বা আল হিলালেই শুধু নয়; প্রতিবারই যখন মাঠে নেমেছি, আমি শতভাগ উজাড় করে দিয়েছি, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য।’

বাঁ পায়ের গোড়ালির মাংসপেশিতে গ্রেড টু টাইপের চোট থেকে সেরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। এই চোটের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতির সঠিক মূল্যায়ন করতে আগামীকাল সোমবার তাঁর এমআরআই করা হবে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে নেইমারের চোটের পরিস্থিতি নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি, নেইমারের পরিস্থিতি এখন এখন বেশ পরিষ্কার। তিনি দারুণভাবে তাঁর ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তাঁর একটি এমআরআই করা হবে। সবকিছু যদি ঠিক থাকে, তাহলে তিনি আগামী সপ্তাহ থেকে মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবেন।’ 

সান্তোসের হয়ে খেলতে নেমে চোট পাওয়ার পর ২০ দিন পার হয়ে গেছে। কোচের কণ্ঠে আশাবাদ শোনা গেলেও ১৪ জুন ব্রাজিলের প্রথম বিশ্বকাপ ম্যাচে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নেইমারের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। ২০ জুন হাইতির বিপক্ষে তাঁকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিলের মেডিকেল টিম।

আরও পড়ুন

×