ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

তামিমের ভোট পরীক্ষা আজ

তামিমের ভোট পরীক্ষা আজ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:১৫ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১১:১৮

বিয়েবাড়ির মতো না হলেও চোখে পড়ার মতো সাজগোজ হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের ছাদ থেকে ঝুলছে ব্যানার। কমপ্লেক্সের ভেতরে কাঠের স্ট্যান্ডে শোভা পাচ্ছে বড় বড় ফেস্টুন। এত কিছু করার উদ্দেশ্য, বিসিবির আজকের নির্বাচনে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া। বিতর্কের ক্ষতে প্রলেপ দেওয়ারও কৌশল হতে পারে এই সাজগোজ। কারণ, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই তো বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক বিবেচনায় কাউন্সিলর মনোনয়ন আর এমপি-মন্ত্রীর ছেলেরা পরিচালক পদে প্রার্থী হওয়ায় বান ডেকেছিল সমালোচনার। আশা করা হচ্ছে, ভোটাররা ব্যালটের তালিকায় থাকা যোগ্য সংগঠককে বেছে নিলে বিতর্কের অবসান ঘটবে।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ৯ মাস আগে অনুষ্ঠিত এমনই এক নির্বাচনে অস্থিরতা নেমে এসেছিল দেশের ক্রিকেটে। সরকারি প্রভাব খাটিয়ে কাউন্সিলর মনোনয়ন, তামিম ইকবালের নেতৃত্বে বিএনপি সমর্থিত সংগঠকদের নির্বাচন ছেড়ে যেতে বাধ্য করা, টাকা দিয়ে পরিচালক পদ কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছিল ২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন নিয়ে। এই নির্বাচনে রাজনৈতিক পরিবারের সদস্যদের প্রার্থী হওয়া নিয়ে সমালোচনা হলেও সরকারি প্রভাব খাটিয়ে রাতে ভোট করার মতো গুরুতর অভিযোগ ওঠেনি; বরং বিভাগীয় ক্যাটেগরি ও ক্লাব ক্যাটেগরিতে ১৫ জন পরিচালক পদে ভোট হচ্ছে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ; সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ। ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পরই সভা হবে পরিচালনা পর্ষদের। নির্বাচন কমিশনের উপস্থিতিতে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করবেন পরিচালকরা।

কাউন্সিলদের ভোটে কে বা কারা নির্বাচিত হবেন, সম্ভাব্য সেই তালিকা ক্রিকেট-সংশ্লিষ্টদের মুখে মুখে। ক্লাব ক্যাটেগরিতে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিন ও শাকিফ আহমেদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ড. সরকার মাহবুব আহমেদ ভোটের লড়াইয়ে ধাক্কা খেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাদের সঙ্গে লড়াই হবে আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেনের। যদিও তামিম ইকবালের নেতৃত্বে অদৃশ্য যে প্যানেল রয়েছে, জয়ী হওয়ার কথা তাদের সবারই। কারণ ঢাকার ক্লাবের ৭৬ কাউন্সিলের মধ্যে ই-ভোট দিয়েছেন ৩৯ জন। গোপনে মিলমিশ হয়ে থাকলে এই ৩৯ ভোট যেদিকে গেছে, তারাই জয়ী। ১ জুন ই-ভোট দিয়েছেন প্রার্থীরা। ক্লাব ক্যাটেগরিতে ৩৭ জন কাউন্সিলর কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন। কাউন্সিলরদের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ক্লাব ক্যাটেগরিতে।

বিভাগীয় ক্যাটেগরি থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। এই ক্যাটেগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেন– ঢাকা বিভাগের সাঈদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ; চট্টগ্রাম বিভাগের মিনহাজুল আবেদীন নান্নু ও মঈনউদ্দিন চৌধুরী; সিলেট বিভাগের আব্দুল কাইয়ুম চৌধুরী; রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন। বাকি তিনজন পরিচালক নির্বাচিত হবেন খুলনা ও বরিশাল বিভাগ থেকে। খুলনার তিনজন প্রার্থীর থেকে নির্বাচিত হবেন দুজন। খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ ছালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি পদের জন্য। এই বিভাগ থেকে প্রথম দুজনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। বরিশাল বিভাগ থেকে মো. মিজানুর রহমান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি পরিচালক পদের জন্য। ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিতি পাওয়া ব্যবসায়ী মিজানুর রহমানের পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মুনতাসির আলম ভোলা যুবদলের নেতা। রাজনৈতিক কোটায় লড়াই করছেন তিনি। এই বিভাগের সাত ভোটের মধ্যে জয়ী হতে একজন প্রার্থীকে পেতে হবে চারটি ভোট। বিভাগীয় পর্যায় থেকে বেশির ভাগ পরিচালক নির্বাচিত হচ্ছেন রাজনৈতিক বিবেচনায়– এমপি, মন্ত্রীর ছেলে, ভাতিজা, ভাগিনা বা ভাই কোটায়। ক্লাব ক্যাটেগরিতেও রাজনৈতিক বিবেচনা গুরুত্ব পেয়েছে। ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন রাজনৈতিক কর্মী বা নেতা। বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস ক্যাটেগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আরও পড়ুন

×