বুড়ো মডরিচই ক্রোয়াটদের প্রাণভোমরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:৩২
১৯৯৮ সালে বিশ্বকাপ অভিষেকেই সাড়া ফেলে দিয়ে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। ২০১৮ সালে তো সব ফেভারিটকে টপকে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল। ২০২২ সালে কাতারে আবার তৃতীয়। ছয়বার অংশ নিয়ে তিনবার সেমিফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। এর মধ্যে গত দুই বিশ্বকাপে ক্রোয়াটদের সাফল্যের কারিগর লুকা মডরিচ। তাঁর বয়স এখন ৪০। এবারও এই বুড়োকে ঘিরে কৌশল সাজাচ্ছে ক্রোয়েশিয়া।
মাত্র চার মিলিয়ন জনসংখ্যার দেশটির জন্য বিশ্বমঞ্চে এই সাফল্য অবশ্যই দারুণ কিছু। কোচ জ্লাটকো দালিচের দলে এবারও রয়েছে একঝাঁক প্রতিভা। ২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব সামলানো দালিচ ফিফাডটকমের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা দল হিসেবে দারুণ ফলাফল করেছি, আমাদের মতো ছোট দেশগুলোর জন্য যা প্রায় অসম্ভব। কিন্তু আমাদের প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য এবং সর্বোপরি উচ্চ মানের ফুটবল গত দুটি বিশ্বকাপে আমাদের পদক এনে দিয়েছে। আসন্ন বিশ্বকাপেও আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি।’ ক্রোয়েশিয়ার এই সাম্প্রতিক সাফল্যের আলোচনায় ঘুরেফিরে কেবল একজনের নাম বারবার আসছিল। তিনি হলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ, যিনি কিনা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
দালিচ অকপটে স্বীকার করে নিলেন এবারও তাঁর দলের মূল স্তম্ভ মডরিচ, ‘এখনও মডরিচই দলের প্রধান খেলোয়াড়। জাতীয় দলের চালিকাশক্তি বলা যায় তাঁকে। আমার মনে হয়, এই দলের জন্য লুকা মডরিচ অনেক গুরুত্বপূর্ণ। যা এরই মধ্যে সে দলের প্রতি আত্মউৎসর্গ, একনিষ্ঠা ও পারফরম্যান্সের মাধ্যমে অনেকবার দেখিয়েছে। যদিও এখন তাঁর বয়স ৪০ হয়ে গেছে, কিন্তু এখনও সে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং দলের মূল চালিকাশক্তি।’ ক্রোয়েশিয়ার স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচের বিশ্বাস, মাঠের বাইরেও দলের ওপর প্রভাব রয়েছে মডরিচের।
মডরিচকে ক্রোয়েশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন ক্রামারিচ, ‘আমার মনে হয়, আগামী ৫০০ বছরের মধ্যে ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন মডরিচ। আমাদের জন্য তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। ফুটবলের প্রতি তাঁর প্রবল ভালোবাসা রয়েছে। যে কারণে এই বয়সেও তাঁর অনুপ্রেরণার অভাব হয় না। লুকা মডরিচ আমাদের জন্য আলোকবর্তিকা।’
- বিষয় :
- লুকা মডরিচ
- ক্রোয়েশিয়া
- বিশ্বকাপ ফুটবল
