ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হাতে স্টিয়ারিং ও কানে ফোন ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

হাতে স্টিয়ারিং ও কানে ফোন ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু
×

ফেনীর ছাগলনাইয়ায় গতকাল শুক্রবারের দুর্ঘটনায় দুমড়ে যাওয়া বাস সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

চালকের এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোনে কথা–এমন দায়িত্বজ্ঞানহীনতায় সড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিনমজুর বৃদ্ধ শ্রমিক। অন্যদিকে খালার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চালাতে গিয়ে অকালে ঝরে গেল ১৪ বছরের এক কিশোরের তাজা প্রাণ। এছাড়া ফেনীর মুহুরীগঞ্জ ও মহিপালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর–

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফোনে কথা বলতে বলতে ট্রাক চালানোর সময় দিনমজুর মনির হোসেনকে (৬৫) পিষে মেরেছেন চালক। বেলা ১১টার দিকে তারাব পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মনির হোসেন আড়াইহাজারের পুরিন্দা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক হাতে স্টিয়ারিং ধরে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন চালক ইয়াকুব হোসেন। রূপসীঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি শ্রমিক মনির হোসেনকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় জনতা চালক ইয়াকুবকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ এবং ট্রাকটি জব্দ করে।

চালক-ব্যবসায়ীসহ প্রাণ গেল চারজনের
সকাল ৭টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন–রংপুরের তারাগঞ্জ উপজেলার গনিরামপুর এলাকার চবর আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আবদুর রহিম, ঢাকা জেলার কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে আবুল হোসেন এবং অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 
একই দিন সকাল ৮টার দিকে মহিপাল সিক্সলেন ফ্লাইওভারের কাছে পার্ক করা বাস থেকে নামার সময় অপর এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ ফটিক (৪৫) নামে এক প্লাস্টিক ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত মোহাম্মদ ফটিক চাঁপাইনবাবগঞ্জের কালিগঞ্জ সুন্দরপুর এলাকার আবদুল হাকিমের ছেলে। 
 ফাজিলপুর ও মহিপাল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ড ও রেলিংয়ে ধাক্কা খেয়ে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কুমিল্লার হোমনা থেকে গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার নাম মোহাম্মদ আল আমিন। 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে বাইকে থাকা অপর দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মৃত্যু
যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুফু ও ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় মজুমদার এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন– অভয়নগর উপজেলার 
লক্ষ্মীপুর গ্রামের হাকিম গাজীর ছেলে আমজাদ গাজী (৬৫) এবং একই গ্রামের মালেক সরদারের স্ত্রী আসিরন বিবি (৬৫)।
[তথ্য দিয়েছেন নায়ারণগঞ্জের রূপগঞ্জ, ফেনী, গোপালগঞ্জ ও যশোরের অভয়নগর প্রতিনিধি]

আরও পড়ুন

×