বিশ্বকাপের আগে স্কোয়াড পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৬:২৬ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৬:২৬
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। দলের বেশ কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর স্কালোনি জানান, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে।
ইতোমধ্যেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। অনুশীলনে আঘাত পেয়ে তিনি দল থেকে বাদ পড়েন। তবে স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, শুধু বালের্দির বদলি ডিফেন্ডার নেওয়াই নয়, দলের অন্য পজিশনেও পরিবর্তন করতে হতে পারে।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের সব খেলোয়াড় ১০০ ভাগ ফিট নন। দলে কেবল একজন সেন্ট্রাল-ব্যাক যোগ করাই যথেষ্ট নাও হতে পারে।’ তবে তরুণ তারকা নিকো পাজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
স্কালোনি জানিয়েছেন, স্কোয়াডে কার পরিবর্তে কে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভক্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পরিস্থিতি মূল্যায়নের জন্য আর্জেন্টিনা দল আরও একটি ম্যাচ পাবে। আগামী মঙ্গলবারের মধ্যে চোটাক্রান্ত খেলোয়াড়দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।
আসন্ন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি
