ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ড্র করেও হতাশ মরক্কোর কোচ বললেন, ‘আমরা জিততে চেয়েছিলাম’

ড্র করেও হতাশ মরক্কোর কোচ বললেন, ‘আমরা জিততে চেয়েছিলাম’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১২:৫৭

বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়েছে মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি সমতায় শেষ হলেও ম্যাচে লম্বা সময় আধিপত্য দেখিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। কিন্তু তাতেও যেন সন্তুষ্টি নেই মরক্কো শিবিরে। জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ ঝরল কোচ মোহাম্মদ উয়াহবির কণ্ঠে। তার ভাষ্য, ব্রাজিলের বিপক্ষে জিততে চেয়েছিলেন তারা।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে গেলেও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেনি।

ম্যাচ শেষে উয়াহবি বলেন, আমরা ভালো খেলেছি এবং আমাদের লক্ষ্য ছিল জয়। কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি। ফুটবল এমনই। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতির সুযোগ আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারাও হতাশ। কারণ, তারা জিততে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল পূর্ণ তিন পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যাওয়ার কারণ হিসেবে আবহাওয়াকে দায়ী করেন মরক্কোর কোচ। তিনি বলেন, গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে যায়, যা স্বাভাবিক। এখন আমাদের পুরো মনোযোগ স্কটল্যান্ড ম্যাচে। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন, তাই আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।

এই ড্রয়ের মাধ্যমে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে মরক্কো। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে এটি যৌথভাবে সর্বোচ্চ। স্পেনও সমান সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে।

‘সি’ গ্রুপে মরক্কোর পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমির দল। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে তারা।

আরও পড়ুন

×