ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ডালাসে ডাচদের জাপান পরীক্ষা

ডালাসে ডাচদের জাপান পরীক্ষা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৪:০০

ক্রীড়া বিশ্লেষক ক্লেমেন্তের তৈরি করা বিশেষ অ্যালগরিদমের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাকি নেদারল্যান্ডসের। বেশ কিছু গাণিতিক মডেলের র‍্যাঙ্কিংয়েও ফেভারিট তালিকার শীর্ষে আছে ডাচরা। সেই দলটি আজ জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ব্লু সামুরাইদের বিপক্ষে তাদের পারফরম্যান্সেই বোঝা যাবে, গণিতবিদদের হিসাবের ওপর কতটা ভরসা রাখা যায়। ডালাসে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ ‘এফ’কে মৃত্যুকূপ হিসেবেও চিহ্নিত করছেন বোদ্ধারা। সেই গ্রুপের প্রথম ম্যাচে আজ। গ্রুপের অন্য দুই দল হলো সুইডেন ও তিউনিসিয়া। তাই এই গ্রুপের কোনো ম্যাচে হোঁচট খাওয়া মানেই বড় বিপদে পড়ে যাওয়া। সে যাই হোক, কাগজে-কলমে আজ ডাচরা পরিষ্কার ফেভারিট। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই এর বড় প্রমাণ। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০২৪ ইউরোর সেমিফাইনাল খেলা ডাচরা একটি মেজর ট্রফি জিততে এবার মরিয়া। ১২তম বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস বিশ্বকাপে ট্রফি না জেতা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তিনবার রানার্সআপ হয়েছে। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তারা। ডাচদের আরেকটি দারুণ পরিসংখ্যান হলো সেই ১৯৯৪ বিশ্বকাপ থেকে কোনো গ্রুপ ম্যাচে হারেনি তারা। যার মানে তাদের এই গ্রুপ পর্বের অপরাজেয় যাত্রা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকেই, তখন অধিনায়ক ছিলেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। ইতিহাসের ওপর ভরসা রাখলে বলা যায়, গ্রুপ ‘এফ’ থেকে নিরাপদেই হয়তো নকআউটে যাবে ডাচরা। 

এশিয়ার শক্তি জাপান টানা অষ্টম বিশ্বকাপ খেলছে। তারা অবশ্য বিশ্বকাপে শেষ ষোলোর বেশি কোনো সময়ই আগাতে পারেনি। তবে বিশ্বকাপের নকআউটে রেকর্ড ভালো না হলেও এমনিতে কিন্তু জাপানের রেকর্ড বেশ ভালো। এই ধারাবাহিকতার কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে তারা। আর ডাচরা আছে অষ্টম স্থানে। ব্লু সামুরাই নামে পরিচিত জাপানিদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের সাম্প্রতিক ফর্ম। সর্বশেষ টানা ছয়টি প্রীতি ম্যাচ জিতেছে তারা। 
এ সময় ব্রাজিল ও ইংল্যান্ডের মতো পরাশক্তিকেও হারিয়েছে তারা। এশিয়ান বাছাইয়ে সর্বোচ্চ ৫৪ গোল করে তিন স্বাগতিকের পর বিশ্বকাপ নিশ্চিত করা প্রথম দল হলো জাপান। ২০২২ বিশ্বকাপেও ইউরোপীয় দলগুলোর বিপক্ষে দারুণ খেলেছিল এশিয়ার দেশটি। কাতারে জার্মানি ও স্পেনকে গ্রুপ পর্বে হারিয়ে ছিল। নক আউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করলেও টাইব্রেকারে হেরে গিয়েছিল জাপান। আজ তারা ইউরোপিয়ান ঘরানার আরেক দল নেদারল্যান্ডসের মুখোমুখি। বিশ্বকাপে এটা তাদের দ্বিতীয় সাক্ষাৎ। ২০১০ সালে প্রথম দেখায় ১-০ গোলে জিতেছিল ডাচরা। 

দুই দলই চোট সমস্যার কারণে সেরা একাদশ পাচ্ছে না আজ। ডাচদের তারকা ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিড ও উইঙ্গার জাবি সিমন্সের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরও আগে। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে তাদের আর্সেনাল ডিফেন্ডার জুরেন টিম্বার ছিটকে যান। অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকও এখন তেমন ছন্দে নেই। বয়সের ভারে কিছুটা শ্লথ হয়ে গেছেন লিভারপুলের এই স্টপার-ব্যাক। তাদের এক নম্বর গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও শেষ প্রস্তুতি ম্যাচে চোটে পড়েছেন। তাই আজ মার্ক ফ্লেকেন পোস্টের নিচে দাঁড়াতে পারেন। স্ট্রাইকার হিসেবে খেলবেন ডাচদের সর্বোচ্চ গোলদাতা মেম্ফিস ডিপাই। তাদের মূল শক্তি ফ্রাঙ্কি ডি ইয়াং, গ্রাভেনবার্চ ও রেইন্ডার্সের সমন্বয়ে গড়া মিডফিল্ড। চোট সমস্যায় ভুগছে জাপানও। তাদের মূল তারকা ব্রাইটন উইঙ্গার মিতোমা ছিটকে গেছেন আরও আগে। অধিনায়ক ওয়াতারো এন্ডো বিশ্বকাপ শুরুর দিন পায়ে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান। সেই দুঃখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন লিভারপুলের এই মিডফিল্ডার। তবে ‘জাপানি মেসি’ হিসেবে খ্যাত তাকেফুসা কোবু ফর্মে আছেন। তাঁর সঙ্গী জুনিয়া ইতোও দারুণ খেলছেন। এটাই ভরসা দিচ্ছে জাপানকে।

আরও পড়ুন

×