নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২
ফাইল ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৫:৪৯
নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে জামাল মুন্সি নামের এক মাদরাসা শিক্ষক এবং সবুজ মিয়া নামের এক সিএনজি-চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে এবং কাইলাটি গ্রামে এই বজ্রপাতের ঘটনা দুটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার সাপমারা কওমি মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন জামাল মুন্সি। রোববার ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ছয়টার দিকে মাদরাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টি শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মুন্সিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তাঁকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই দিন সকালে কাইলাটি গ্রামের সিএনজি-চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নেত্রকোনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী জানান, আমতলা ইউনিয়নে একজন মাদরাসা শিক্ষক ও কাইলাটি গ্রামে এক সিএনজি-চালক বজ্রপাতে মারা গেছেন। তাঁদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
- বিষয় :
- বজ্রপাত
- বজ্রপাতে মৃত্যু
- নেত্রকোনা
