ছুটি কাটাতে দেশে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসী
নিহত রুবেল মিয়া। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৬:০১
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেতধন্দুল গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দুপুরে রুবেল তার এক প্রবাসী বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর শ্মশানের কাছে আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে চান না। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
স্বজনরা জানান, রুবেল মিয়া প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
