টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে গ্রেনেড-তাজা গোলা উদ্ধার
উদ্ধার করা গ্রেনেড, গুলি ও গাঁজা। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৫:৫৮
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলাবারুদ ও গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে সীমান্ত এলাকায় সম্ভাব্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বাহিনী।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
তিনি বলেন, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, মানবপাচার এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে শনিবার রাতে জাদিমুড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুদ রাখা মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ মিলিমিটার HEDP গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক অসাধু ব্যক্তিদের হাতে পড়লে জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হতে পারত। কোস্ট গার্ডের সময়োপযোগী অভিযানের ফলে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেড, গোলাবারুদ ও জব্দকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী ও চোরাচালান চক্রের তৎপরতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
