মায়ের সঙ্গে অভিমান করে ভুলবশত ভারতে প্রবেশ, কিশোরীকে ফেরত দিল বিএসএফ
ফাইল ছবি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৬:৪০
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভুলবশত ভারতের ভূখণ্ডে প্রবেশ করা এক বাংলাদেশি কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শনিবার রাত ১১টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে কিশোরী জয়নব খাতুনকে (১২) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জয়নব ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার বাসিন্দা। তিনি মো. জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার মায়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে জয়নব বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ীর কথা বলে তার বাড়ী থেকে প্রায় দেড়-দু কিলোমিটার দূরে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর নাজিরহাট এলাকায় চলে যায়। একপর্যায়ে আন্তর্জাতিক সীমান্তের ৯৪৩/৩ নম্বর পিলারের কাছ দিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। বিএসএফ কিশোরীকে নিজেদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবিকে বিষয়টি অবহিত করে। পরে বিজিবি কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার নাগরিক পরিচয় যাচাই করে। সব প্রক্রিয়া শেষে শনিবার রাত ১১টার দিকে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, বিজিবির উপস্থিতিতে বিএসএফ কিশোরীকে ফেরত দিয়েছে। এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীকে ফেরত নেওয়া হয়েছে।
