চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
জুলফিকার আলী। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৮:৪৫
চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্ত এলাকা থেকে জুলফিকার আলী (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জুলফিকার আলী দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। তিনি স্থানীয় একটি বিস্কুট কারখানায় কাজ করেন।
স্থানীয়দের দাবি, শনিবার বিকেলে কয়েকজনের সঙ্গে সীমান্ত এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জুলফিকারকে আটক করে বিএসএফ সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তাকে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।
তবে স্থানীয়দের দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জুলফিকার দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে থাকা নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও জানান, বর্তমানে ভারতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- বাংলাদেশ-ভারত
- সীমান্ত
