ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

জাপান ম্যাচের আগে ডাচ ক্যাম্পে সুখবর 

জাপান ম্যাচের আগে ডাচ ক্যাম্পে সুখবর 
×

অনুশীলনে ডাচ স্ট্রাইকার মেম্পিস ডিপাই। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৮:৩৯ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৯:৩৮

দারুণ এক দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস। রক্ষণ ও মিডফিল্ডে এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা ডাচরা। আক্রমণভাগে রয়েছে কিছুটা দুর্বলতা। সেখানেই লেগেছে ইনজুরির ধাক্কা। তবে জাপানের বিপক্ষে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় গ্রুপ ‘এফ’ এর ম্যাচ শুরুর আগে সুখবর পেয়েছে কমলা জার্সির দলটি। 

ইনজুরির কারণে ডাচ স্ট্রাইকার মেম্পিস ডিপাই এবং গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের খেলা অনিশ্চিত ছিল। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, জাপানের বিপক্ষে তারা দু’জনই খেলার জন্য ফিট এবং প্রস্তুত। 

কোম্যান বলেন, ‘আমরা কীভাবে ম্যাচ শুরু করবো, শুরুর একাদশে কারা থাকবে এসব নিয়ে গত কয়েক দিন দলের মধ্যে আলোচনা হয়েছে। খেলোয়াড়রা বিষয়টি অবগত। সেটা নিশ্চয়ই আমি এখানে শেয়ার করবো না। শুধু এতটুকু বলবো, ডিপাই ফিট আছে এবং সে শুরুর একাদশে থাকার যোগ্য।’ 

ডাচদের জার্সিতে সর্বাধিক ৫৫ গোলদাতা ব্রাজিলের ক্লাব করিস্থিয়ানে খেলা ডিপাই। কোচ কোম্যানও জানিয়েছেন, বিশ্বকাপে নেদারল্যান্ডসের ভালো খেলা অনেকটা ডিপাইয়ের ওপর নির্ভর করবে, ‘সে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন ধরেই সে দলের সঙ্গে আছে এবং বিশ্বকাপে দলের সাফল্যের অন্যতম চাবিও।’ 

উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলা গোলরক্ষক ভারব্রুগেন। তবে গত দুইদিন অনুশীলন করে ম্যাচ খেলার জন্য এই ডাচম্যানও প্রস্তুত বলে জানিয়েছেন কোম্যান, ‘ভারব্রুগেন খেলার জন্য প্রস্তুতি। গত দু’দিন সে গোলবারের নিচে অনুশীলন করেছে।’ 

আরও পড়ুন

×