অজিদের হোয়াইটওয়াশের পথে এক উইকেটের আক্ষেপ
অজি ওপেনার কুপার কনোলির সেঞ্চুরি উদযাপন। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৯:৫৬ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২০:০৮
ওপেনার কুপার কনোলি দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সহজ করে ফেলেছিলেন। তার আউটের পরই দুর্দান্ত এক কামব্যাকে ম্যাচ জিতে অজিদের হোয়াইটওয়াশের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ পর্যন্ত তিন বল থাকতে এক উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। ৬১ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদেও পড়ে গিয়েছিল। সেখান থেকে তাওহিদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন ৫ উইকেটে দলকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ তামিম সেট হয়ে ফিরে যান (১৯)। রান বড় করতে পারেননি তিনে নামা নাজমুল শান্তও (২৪)। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় ১৮৫ রানের দারুণ এক জুটি দেন দলকে। বড় রানের পথেও তুলে নেন। হৃদয় ৮৮ বলে আটটি চারের শটে ৮৩ রান করে সাজঘরে ফিরে যান। মোসাদ্দেক হোসেন ৫১ বলে পাঁচটি চার ও এক ছক্কায় হার না মানা ৫৫ রান যোগ করেন। লিটন দাস অপরাজিত থাকলেও কিছুটা ধীর ছিলেন। তার ব্যাট থেকে ৭৮ বলে ৫৮ রান আসে।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৪০ রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ৭০ রানে তারা তৃতীয় উইকেট হারায়। সেখান থেকে ওপেনার কনলি ও চারে নামা মার্নাস লাবুশানে ৬৪ রান যোগ করেন। লাবুশানে ২৯ রানে ফিরে গেলে ২৭ রান করে যোগ করেন ক্যামেরুন গ্রিন ও অলিভার পিক। তাদের ইনিংস জুড়ে ছিলেন ওপেনার কনলি। তিনি ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৩টি চার ও ছয়টি ছক্কার শট আসে।
বল হাতে বাংলাদেশ দলের দুর্দান্ত কামব্যাকের পথে অসাধারণ বোলিং করেছেন শেষ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। তিনি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নেন। পেসার তাসকিন, মুস্তাফিজ ও স্পিনার শেখ মাহেদী নেন একটি করে উইকেট।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
