শারীরিক ফুটবলের মহারণ আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৩:৫৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৩:৫৫
আইভরি কোস্ট ১২ বছর পর বিশ্বকাপে ফিরেছে। দিদিয়ের দ্রগবার অবসরের পর প্রথম। তাদের সাফল্যের পেছনে লেখা আছে দলীয় ফুটবলের জয়গান। বিশ্বকাপ বাছাইপর্বের ১০ ম্যাচে একটি গোলও হজম না করা দল আফ্রিকান এলিফ্যান্টসরা। ‘রক্ষণে বিন্দুমাত্র ছাড় নয়’ ইকুয়েডরও একই কৌশলে বিশ্বাসী। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচে সবচেয়ে কম ৫ গোল জালে যাওয়ার সুযোগ দিয়ে দুইয়ে শেষ করে বিশ্বকাপের টিকিট হাতে নিয়েছে তারা।
রক্ষণের সঙ্গে ইকুয়েডর ও আইভরি কোস্ট নিজেদের অঞ্চলিক ফুটবলের ঐতিহ্যবাহী শারীরিক ফুটবলেও শক্তিশালী। জায়গা না ছেড়ে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দ্রুতগতির ফুটবল খেলতে পছন্দ করে দুই দলই। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের এই লড়াইয়ে রক্ষণ ও শারীরিক ফুটবলের মহারণ নিয়ে অপেক্ষা করছে।
ইকুয়েডর সময়ের সেরা কিছু ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছে। পিএসজির তরুণ উইলিয়াম পাকো ও আর্সেনালের পিয়েরো হিনক্যাপি খেলেন ইকুয়েডরের ব্যাক ফোরে। আছেন চেলসিতে খেলা ময়েস কেইসেডো। যিনি সময়ের সেরা ট্যাকল বিশেষজ্ঞ বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে পরিচিত। রক্ষণে ভরসা রেখে লা ত্রিরা মার্চের দুই প্রীতি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা নেদারল্যান্ডস ও মরক্কোকে (১-১) রুখে দিয়েছিল। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে।
আইভরি কোস্টের আবার রোমায় খেলা ইভান এনডিকা, স্পোর্টিং সিপির উসমান ডিয়ামন্ডে আছেন; যারা রক্ষণের দেয়াল হিসেবে খ্যাত। মিডফিল্ড সামলান মিলান ও বার্সার সাবেক ফ্রাঙ্ক কেসি এবং পোর্তার সেকো ফোফানা। যারা মাঝমাঠে ম্যাচ নিয়ন্ত্রণের পাশাপাশি শক্তি প্রদর্শন করেন।
দ্য এলিফ্যান্টসরা মার্চে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ডকে হারিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে। ইকুয়েডর ক্যাম্পে আছেন ম্যানইউতে খেলা আমাদ দিয়ালো ও মোনাকোয় খেলা সিমন আন্দ্রিংগা। গোল করার ভার নিতে হবে এই দুই তরুণকে। মেক্সিকান ক্লাবে খেললেও ইকুয়েডরের স্ট্রাইকার ইনার ভ্যালেন্সিয়া অভিজ্ঞ। স্টুটগার্টে ভালো মৌসুম পার করেছেন জেরেমি আলভারো। ফিফা র্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের (৩৩) চেয়ে এগিয়ে ইকুয়েডর (২৪)। তবে ফ্রান্সসহ ইউরোপে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বেশ কজন ফুটবলার থাকায় জয়ের পরিকল্পনা নিয়েই নামবে আফ্রিকান দলটি।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- ইকুয়েডর
