স্পেনের সঙ্গে ফাইনালে খেলতে চায় মরক্কো, নেপথ্যে যে কারণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১১:৫৩
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের জয় আটকে দেওয়া মরক্কোকে ফাইনালে দেখতে চান দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে চান আসরের অন্যতম ফেভারিট দল স্পেনকে। সেই ম্যাচেই বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালকে বুঝিয়ে দিতে চান, জাতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে ভুল করছেন তিনি। স্পেন নয়, মরক্কোর জার্সিতে খেলা উচিত ছিল তার।
আলজাজিরা ৩৬০-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকজা বলেন, ‘আমি আশা করি, বিশ্বকাপের ফাইনালে আমাদের সঙ্গে লামিনে ইয়ামালের দেখা হবে। তখন আমরা সবাইকে বুঝাতে পারবো, সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কি না।’
স্পেন ছাড়াও লামিনে ইয়ামালের সামনে মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। ইয়ামালের বাবা মরক্কোর অধিবাসী এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। লামিনে চাইলে মরক্কোর হয়েও খেলতে পারতেন। কিন্তু ২০২৩ সালে তিনি স্পেনের জার্সি গাড়ে জড়ান। এবারের আসরে স্পেনের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা।
ইয়ামালকে মরক্কোর হয়ে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। জাতীয় দলের তৎকালীন কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের সঙ্গে তার সরাসরি বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছিল। মরক্কো ফুটবলের সভাপতি জানান, ইয়ামালের সিদ্ধান্ত গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত মরক্কো ফুটবল কর্তৃপক্ষ তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল।
লেকজা বলেন, ‘আমি স্পষ্ট করেই বলতে চাই, আমরা লামিনে ইয়ামালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়। তার বাবা মরক্কোর অধিবাসী হওয়ায় সে আমাদের দেশের হয়ে খেলার যোগ্য ছিল।’
এর আগে মরক্কোর সাবেক তারকা মুস্তাফা হাজি দাবি করেছিলেন, ইয়ামাল মরক্কোকে বেছে নিলে সমর্থকদের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পেতেন। এমনকি স্পেনকে বেছে নেওয়া এই তরুণ ফুটবলারের ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলেও মনে করেন তিনি।
- বিষয় :
- মরক্কো
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
