আলজেরিয়া ম্যাচের আগে ফর্মেশন বদলের আভাস স্কালোনির
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১১:১০
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনা দলের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। সাধারণত ৪-৩-৩ বা ৪-৪-২ ফর্মেশনে দলকে খেলানো স্কালোনি শনিবারের অনুশীলনে রক্ষণভাগে তিন ডিফেন্ডার রেখে নতুন কৌশল পরখ করেছেন।
আর্জেন্টাইন সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবারের ক্লোজড-ডোর অনুশীলনে চার ডিফেন্ডারের চেনা ছক ভেঙে তিন ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছিলেন স্কালোনি। মূলত নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট না থাকায় ডিফেন্সিভ লাইনে এই ফর্মেশন দেখে নিয়েছেন আর্জেন্টাইন বস। তাগলিয়াফিকো সম্পূর্ণ ফিট না হওয়ায় তার এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অনুশীলনের গুঞ্জন সত্যি হলে, আলজেরিয়ার বিপক্ষে ৩-৫-২ ফর্মেশনে মাঠে নামতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ছকে গোলপোস্টের নিচে যথারীতি বিশ্বস্ত দেয়াল হয়ে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। তিন ডিফেন্ডার হিসেবে স্কালোনির পছন্দ ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ।
মাঝমাঠ এবং উইং সামলানোর জন্য পাঁচজন খেলোয়াড়কে দায়িত্ব দিতে পারেন স্কালোনি। যেখানে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে উইঙ্গার হিসেবে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেস এবং জিওভানি সিমিওনেকে। আর আক্রমণভাগের গুরুদায়িত্ব যথারীতি থাকছে অধিনায়ক লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজের কাঁধে।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনি শেষ পর্যন্ত ‘ব্যাক থ্রি’ ফর্মেশনেই ভরসা রাখেন নাকি চেনা ছকে ফিরে যান, সেটাই এখন দেখার বিষয়।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি
- বিশ্বকাপ ফুটবল
