ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ

এশিয়ায় সেরাদের সেরা ইউআইইউ

এশিয়ায় সেরাদের সেরা ইউআইইউ
×

ইউআইইউ মার্স রোভার দলের সদস্যরা

ফরিদুল ইসলাম নির্ঝর

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১২:২৭

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স (সিএআইআর) দ্বারা পরিচালিত ইউআইইউ মার্স রোভার টিম এক অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় দলটি বিশ্বমঞ্চে ৩য় এবং এশিয়ার মধ্যে ১ম স্থান অর্জন করেছে। এই ঐতিহাসিক অনসাইট প্রতিযোগিতার ২০ বছরের ইতিহাসে ইউআইইউ মার্স রোভার টিমই প্রথম এশীয় দল হিসেবে বিশ্বমঞ্চের মর্যাদাপূর্ণ পডিয়ামে স্থান করে নিয়েছে। এটি শুধু বাংলাদেশের জন্যই এক গৌরবময় মাইলফলক নয়, বরং এই অঞ্চলে রোবটিক্স ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গত ২৭-৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) এই চূড়ান্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ার ১ম দল হওয়ার গৌরব ধরে রেখেছে। চার দিনব্যাপী এই চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের সক্ষমতা এবং পরিচালন দক্ষতা প্রমাণের জন্য দলগুলোকে চারটি কঠিন মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে। মিশনগুলো ছিল– বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলা  এবং ইকুইপমেন্ট সার্ভিসিং। ইউআইইউ মার্স রোভার অত্যন্ত সফলভাবে চারটি মিশনই সম্পন্ন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের ও তাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। এ বছরের ইউআরসি প্রতিযোগিতার আয়োজনটি ছিল অত্যন্ত ব্যাপক এবং প্রতিযোগিতাপূর্ণ। প্রাথমিকভাবে সারাবিশ্ব থেকে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয় দল এতে অংশগ্রহণ করে। কঠোর ও কয়েকটি পর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মাত্র ৩৮টি দলকে নির্বাচিত করা হয়। গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান, মেক্সিকো এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় দেশের দলগুলো অংশ নেয়। 

বিশ্বের বাঘা বাঘা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়াই করে ইউআইইউ মার্স রোভার টিম সর্বমোট ৪০০.৪৪ পয়েন্ট পেয়ে বিশ্ব তালিকায় ৩য় স্থান নিশ্চিত করে। এর পাশাপাশি স্বয়ংক্রিয় চালনা পদ্ধতিতে অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ পুরস্কারে ভূষিত হয়। চূড়ান্ত ফলাফলে ৪৬৯.৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের ‘মিসৌরি ইউনিভার্সিটি অব এস অ্যান্ড টি মার্স রোভার ডিজাইন টিম’ এবং ৪১২.৪১ পয়েন্ট পেয়ে ২য় স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়ার ‘মোনাশ নোভা রোভার’। এই অবিস্মরণীয় সাফল্যে নেপথ্যের কারিগর হিসেবে ইউআইইউ মার্স রোভার টিমের পরামর্শক ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।

মাঠ পর্যায়ে মূল কৃতিত্ব ছিল একঝাঁক স্বপ্নজয়ী শিক্ষার্থীর। দলটির নেতৃত্বে ছিলেন টিমলিড সাইফ আল সাদ, সিনিয়র লিড মোশফিকুর রহমান এবং কো-টিম লিড শেখ শাকিব হোসাইন। এ ছাড়া বিভিন্ন উপবিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেকানিক্যাল টিমলিড সিয়াম ইবনে সারওয়ার, অটোনোমাস টিমলিড সালমান কবির চৌধুরী, সায়েন্স টিমলিড আয়েশা আক্তার সায়মা এবং কমিউনিকেশন টিমলিড সাব্বির আহমেদ। দলের অন্যান্য সক্রিয় সদস্যরা হলেন মেকানিক্যাল টিম মেম্বার মিমতিয়াজ ইসলাম হিমেল এবং কমিউনিকেশন টিম মেম্বার মোহাম্মদ তাম্মাম।

আরও পড়ুন

×