আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৪৭
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে হাসপাতালটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাক্টিস করতে পারবে। তাদের আরও হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি।'
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আদ্-দ্বীন হাসপাতাল-সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে তিন দিনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে হাসপাতালের কার্যক্রম বন্ধ হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও ব্যবহারিক প্রশিক্ষণ চালিয়ে নেওয়ার পথ খোলা থাকছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির বিরুদ্ধে অমানবিক সেবার অভিযোগ এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
