ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

রাজনৈতিক প্রশ্নে বিরক্ত তারেমি বললেন, ফুটবল নিয়ে তো প্রশ্নই করলেন না

রাজনৈতিক প্রশ্নে বিরক্ত তারেমি বললেন, ফুটবল নিয়ে তো প্রশ্নই করলেন না
×

সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির গালেনোই ও ফরোয়ার্ড মেহেদি তারেমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৬:১৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দলগুলোর একটি ইরান। মাঠের পারফরম্যান্সের চেয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, ভিসা জটিলতা এবং দলের প্রস্তুতিতে নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। তারই প্রতিফলন দেখা গেল ইরানের প্রথম সংবাদ সম্মেলনেও।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সংবাদ সম্মেলনে একের পর এক রাজনৈতিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইরানের কোচ আমির গালেনোই ও অধিনায়ক মেহেদি তারেমিকে। এসব প্রশ্নে বিরক্তি লুকাতে পারেননি তারেমি। সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেই ফেলেন, ‘কেউই তো ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করলেন না!’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এক দিন আগে মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান। বাংলাদেশ সময় আগামীকাল সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। সংবাদ সম্মেলনে ম্যাচের প্রস্তুতির চেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, ট্রাম্প প্রশাসনের নীতির প্রভাব এবং দলের বিশ্বকাপ যাত্রার নানা রাজনৈতিক দিক।

এ ধরনের প্রশ্ন এড়িয়ে যেতে চান ইরানের কোচ আমির গালেনোই। তিনি বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ইরানের ভেতরে এবং দেশের বাইরে থাকা সব ইরানির প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাজ। আমরা রাজনীতির মানুষ নই।’

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ইরানের ম্যাচকে কেন্দ্র করে প্রবাসী ইরানিদের একটি অংশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে গালেনোই বলেন, ‘ইরানি জাতি হিসেবে আমরা প্রত্যেককে সম্মান করি।’

দলের প্রস্তুতিকালে বেস ক্যাম্প পরিবর্তনসহ নানা প্রতিকূলতার প্রসঙ্গ তোলায় সাংবাদিকদের ধন্যবাদ জানান ইরানের কোচ। একই সুরে কথা বলেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমিও। ইরানের হয়ে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্ট্রাইকার বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ফুটবল এমন একটি খেলা, যা সব পক্ষকে একত্রিত করতে পারে।’

তারেমি আরও বলেন, ‘অনেক বছর ধরেই ইরান একটি ঐক্যবদ্ধ জাতি এবং একটি সমৃদ্ধ সভ্যতার অংশ। আমরা সেই ঐক্যের বার্তাই তুলে ধরতে চাই। বিশ্বের যেখানেই ইরানিরা থাকুক, তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা বিশ্বকাপে এসেছি। প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে এবং আমরা সেটিকে সম্মান করি। কিন্তু আমরা এখানে ফুটবলার হিসেবে এসেছি, মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে। রাজনীতিতে জড়াতে চাই না।’

তবে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশে হালকা খোঁচাও দেন তারেমি। তিনি বলেন, ‘কেউই ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করলেন না। আমরা নিউজিল্যান্ডের মতো একটি ভালো দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আশা করি ম্যাচটি দারুণ হবে। রাজনৈতিক খবরের জন্য আপনাদের অন্য কোথাও রাজনৈতিক সংবাদ সম্মেলনে যাওয়া উচিত।’

আরও পড়ুন

×