জার্মানির ম্যাচে বিতর্ক জাগাল রেফারির ‘বর্ণবাদী’ ইঙ্গিত
জার্মানি বনাম কুরাসাও ম্যাচে ভিআর টিমের সদস্য শন ইভানস (পেছনে)। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৬:৫৬
টেলিভিশনে জার্মানি ও কুরাসাওয়ের ম্যাচ সম্প্রচারের সময় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বা ‘হোয়াইট পাওয়ার’ ইঙ্গিতের অভিযোগ উঠেছে এক রেফারির বিরুদ্ধে। শন ইভানস নামের ওই রেফারি অস্ট্রেলিয়ার নাগরিক ও ম্যাচে ভিআর টিমের সদস্য ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের এবারের আসরে প্রায় প্রতিটি ম্যাচ শুরুর সময় টিভি ক্যামেরায় ভিআর টিমকে দেখানো হচ্ছে। টেক্সাসের হিউস্টনে রোববারের ম্যাচের সময় দেখা যায়, শন ইভানস হাতের আঙুল দিয়ে এমন এক ইঙ্গিত তৈরি করেছেন যা ‘হোয়াইট সুপ্রিমেসি’ বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
টিভি সম্প্রচারের ওই মুহূর্তে ইভানস তাঁর বৃদ্ধাঙ্গুল ও তর্জনী একসঙ্গে গোলাকার করে বাকি আঙুলগুলো প্রসারিত রেখেছিলেন। এটি ঐতিহাসিকভাবে ‘ওকে’ বা সম্মতির ইঙ্গিত হিসেবে ব্যবহার হয়ে আসছে।
তবে ইউরোপের বর্ণবাদবিরোধী সংস্থা ‘ফুটবল আগেনস্ট রেসিজম ইন ইউরোপ’ বা ফেয়ার বলছে, ওই ইঙ্গিতটির সঙ্গে বিশ্বব্যাপী কট্টর ডানপন্থি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে। এটি ‘হোয়াইট সুপ্রিমেসি’র প্রতীক হিসেবেও ব্যবহার হয়।
শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এমন এক মতাদর্শ, যেটির সমর্থকরা মনে করেন, শ্বেতাঙ্গরা অন্য জাতি বা বর্ণের মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং সমাজ ও বিশ্বে তাদেরই আধিপত্য বিস্তার করা উচিত।
২০১৯ সালে নিউজিল্যান্ডের একটি মসজিদে হামলায় ৫০ জনকে হত্যার পর গ্রেপ্তারকৃত ব্রেন্টন ট্যারান্ট নামে এক ব্যক্তি আদালতে শন ইভানসের মতো এমন প্রতীক দেখিয়েছিলেন। ফিফা জানিয়েছে, তারা রোববারের ঘটনাটি সম্পর্কে অবগত। বিষয়টি তদন্তাধীন থাকায় এখন কোনো মন্তব্য করবে না।
- বিষয় :
- বর্ণবাদী আচরণ
- রেফারি
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
