‘এটাই জাপানের সংস্কৃতি, আমরা অন্যদের কথা ভাবি’
স্টেডিয়াম পরিষ্কার করলেন সমর্থকরা
গ্যালারি থেকে আবর্জনা পরিষ্কার করেন জাপানের সমর্থকরা। রোববার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৬:০৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পরও গ্যালারি বেশ ঝকঝকে দেখাচ্ছিল। খেলা দেখতে যাওয়া জাপানের সমর্থকরা এই কাজ করছেন। তাদের ভাষায়, নিজের ব্যবহার করা স্থান পরিষ্কার রাখাটা এশিয়ার দেশটির সংস্কৃতির অংশ।
স্থানীয় সময় রোববার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পরও অনেক দর্শক স্টেডিয়ামে থেকে যান। তারা ময়লা-আবর্জনা কুড়িয়ে নীল প্লাস্টিকের ব্যাগে ভরেন। তাদের একজন এইতা তানাকা এএফপিকে বলেন, জাপানের স্কুলগুলোতে ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তোলা হয়।
হাতে বিয়ার ও কয়েকটি খালি কাপ নিয়ে ২০ বছর বয়সী তানাকা বলেন, ‘আমাদের সবসময় অন্যদের কথা ভাবতে হয়। জাপানে আমরা শিখেছি, কোনো জায়গা ব্যবহার করলে, চলে যাওয়ার সময় সেটিকে অবশ্যই পরিপাটি রেখে যেতে হবে।’

তানাকা আরও বলেন, ‘স্কুলে আমরা নিজেরাই শ্রেণিকক্ষ পরিষ্কার করেছি। শিক্ষকদের বলে দিতে হয়নি।’ জাপান টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। সমর্থকদের এই পরিচ্ছন্নতার অভ্যাস গত বিশ্বকাপেও নজর কেড়েছিল। এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অন্যতম পরিচয়ে পরিণত হয়েছে।
খেলা দেখতে যাওয়া আরেক সমর্থক ফুতো হাগিওয়ারা বলেন, বিশ্বজুড়ে মানুষ জাপানিদের এই আচরণকে ইতিবাচকভাবে দেখছে। বিষয়টি শুনলেই গর্ব অনুভব করেন। আসলে এটাই জাপানের সংস্কৃতি। এটি মানসিকতা ও মূল্যবোধের অংশ।
- বিষয় :
- জাপান
- সমর্থক
- স্টেডিয়াম
- টেক্সাস
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
