মেসির রেকর্ডে নজর এমবাপ্পের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৩:১৫
ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে থেমে থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে নতুন ইতিহাস লেখার পর এবার তার চোখ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে। বর্তমানে সমান ১৬টি গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন জার্মানির সাবেক ফুটবলার মিরোস্লাভ ক্লোসা ও আর্জেন্টিনার লিওনেল মেসি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই ম্যাচে জোড়া গোল এসেছে ফরাসি অধিনায়কের পা থেকে। এর মধ্য দিয়ে মাত্র ২৭ বছর বয়সে অলিভিয়ের জিরুদকে পেছনে ফেলে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৫৮টি।
তবে দেশের হয়ে রেকর্ড গড়েই সন্তুষ্ট নন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার পরবর্তী লক্ষ্য মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটিও নিজের করে নেওয়া।
সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। অর্থাৎ, আর মাত্র দুটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করবেন এই ফরাসি ফরোয়ার্ড।
এদিকে ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে এমবাপ্পেকে ‘৫৮’ নম্বর সম্বলিত একটি স্মারক জার্সি উপহার দেন তার সতীর্থরা। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফরাসি অধিনায়ক লিখেছেন, ‘৫৮ গোল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা এক বিশাল গর্বের বিষয়, যে দেশে এত মহান ফুটবলার খেলেছেন। শুরু থেকেই আমার ওপর আস্থা রাখার জন্য আমার সব সতীর্থ, স্টাফ এবং ফরাসি ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’
তিনি আরও লিখেছেন, ‘আমাদের পথচলা এখনও শেষ হয়নি। আমাদের যাত্রা চলতে থাকবে। এখনও অনেক কিছু করা বাকি...।’
বর্তমান ফর্ম ও বয়সের বিবেচনায় ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির এই রেকর্ড ভাঙা এমবাপ্পের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। হয়তো এবারের বিশ্বকাপেই মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন এই ফরাসি ফরোয়ার্ড।
