ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মেসির জন্য আলাদা নিয়ম? প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকা কোচ

মেসির জন্য আলাদা নিয়ম? প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকা কোচ
×

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেও মেসির একটি ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৩:১৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১৪:৩৬

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছে বিভীষিকাময়। মেক্সিকোর সঙ্গে ২-০ ব্যবধানে হারের পাশাপাশি ওই ম্যাচে দুটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে লাল কার্ডের শাস্তি হিসেবে থেম্বা জোয়ানে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অর্থাৎ গ্রুপপর্বে আর খেলা হবে না জোয়ানের। 

বিষয়টি মানতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। তিনি জানিয়েছেন, জোয়ানের লাল কার্ডের শাস্তি কমাতে আপিল করবেন তারা। একই সঙ্গে ব্রুস প্রশ্ন তুলেছেন, দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডারের জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা, কিন্তু মেসির ক্ষেত্রে ভিন্ন কিছু দেখেছেন। 

তা জোয়ানের লাল কার্ডের সঙ্গে মেসির প্রসঙ্গ আসছে কেন? গতকাল বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন মেসি। ওই ম্যাচেই মেসি একবার প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্ডির পায়ের পেছনের অংশে পা দিলেও রেফারির চোখ এড়িয়ে যায় সেটি। এমনকি বিষয়টি ভিএআর যাচাইও করা হয়নি। অনেকেই সমালোচনা করছেন, ওই ঘটনায় লাল কার্ড দেখতে পারতেন মেসি। অন্যদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন জোয়ানে। আগেই আরও

একটি লাল কার্ড দেখায় ৯ জনে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে জোয়ানের আচরণকে সহিংস উল্লেখ করে তাঁকে শাস্তি হিসেবে আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিষয়টিকে রেফারিংয়ের ক্ষেত্রে দ্বৈত নীতি হিসেবে দেখছেন ব্রুস। 

গতকাল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, 'আমি চাই না মেসি লাল কার্ড দেখুক। এমন একজন খেলোয়াড়ের মাঠে থাকা উচিত। আমরা সবাই দেখেছি, সে কত অসাধারণ একজন ফুটবলার। কিন্তু পার্থক্যটা কোথায়? জোয়ানের লাল কার্ডের শাস্তি খুব বেশি কঠোর মনে হয়েছে। আমি থেম্বার সঙ্গে ঘটনাটি আবার দেখেছি এবং আমার মনে হয়নি, এটা লাল কার্ড দেখানোর মতো অপরাধ ছিল।'

এরপর মেসির ঘটনাটি তুলনায় নিয়ে আসেন ব্রুস, 'গতকাল ঘটা মেসির ঘটনার সঙ্গে (জোয়ানের ঘটনা) তুলনা করলে এই সিদ্ধান্ত (তিন ম্যাচের নিষেধাজ্ঞা) মেনে নেওয়া কঠিন। মেসির ঘটনাটি ভিএআরে দেখা হয়নি, কিন্তু এই (জোয়ানের) ঘটনাটি যাচাই করা হয়েছে।'

তিন ম্যাচের নিষেধাজ্ঞা তো দূরের কথা, জোয়ানের ফাউলটিকে লাল কার্ড দেখানোর মতো কিছু মনে করছেন না ব্রুস, 'ঘটনাটি দেখলে বোঝা যায়, মেক্সিকোর খেলোয়াড়ই আমার খেলোয়াড়কে আটকে দিয়েছিল। সে বলের দিকে তাকাচ্ছিল না, শুধু থেম্বাকে (জোয়ানে) ধরে রেখেছিল। থেম্বা তাকে টপকে যাওয়ার চেষ্টা করেছে, তার কাঁধের ওপর দিয়ে হাত তুলেছে। আর এটার জন্য লাল কার্ড, সঙ্গে তিন ম্যাচের নিষেধাজ্ঞা? আমি দুঃখিত, কিন্তু এটা অনেক কঠোর শাস্তি। বিষয়টি আমাকে ভীষণ হতাশ করে।'

আরও পড়ুন

×