ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১১:০৭
ফুটবল মাঠে সতীর্থ বা প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য অত্যন্ত পরিচিত। মূলত ‘লিপ রিডিং’ এড়াতে এবং নিজেদের রণকৌশল গোপন রাখতেই খেলোয়াড়রা এই পন্থা বেছে নেন। তবে এবারের বিশ্বকাপে বর্ণবাদ বা আপত্তিকর মন্তব্য গোপন করার এই প্রবণতা বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ফিফা। আর সেই নতুন নিয়মের প্রথম ‘বলি’ হলেন প্যারাগুয়ের তারকা ফরোয়ার্ড মিগেল আলমিরন। হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলার অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
তুরস্কের বিপক্ষে ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে। ম্যাচের এক পর্যায়ে তুরস্কের এক খেলোয়াড়কে কিছু বলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন প্যারাগুইয়ান ‘নাম্বার টেন’ আলমিরন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তুরস্কের ফুটবলারদের নজরে আসলে তারা রেফারির কাছে আপিল করেন।
চলতি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মাঠে কোনো উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় কথা আড়াল করতে মুখ ঢেকে রাখা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর সর্বোচ্চ শাস্তি হবে সরাসরি লাল কার্ড। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি দ্রুত পর্যালোচনা করে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। ম্যাচের ধারাভাষ্যকাররা ফিফার এই নতুন নিয়মের প্রয়োগ এবং আলমিরনের বিদায়কে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন।
আলমিরনের লাল কার্ডের কারণে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তবে এর আগেই অবশ্য ম্যাচের গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডে এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন মাতিয়াস গালারজা। এটি চলমান ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও প্রথমার্ধ শেষে এক গোলের লিড ধরে রাখতে সমর্থ হয়েছে লাতিন পরাশক্তিরা।
- বিষয় :
- তুরস্ক
- বিশ্বকাপ ফুটবল
- লাল কার্ড
