ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নেইমারকে নিয়ে ‘রসিকতা’ ব্রাজিলের প্রেসিডেন্টের

নেইমারকে নিয়ে ‘রসিকতা’ ব্রাজিলের প্রেসিডেন্টের
×

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও নেইমার জুনিয়র

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১১:১৬ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১১:৪৪

ব্রাজিল ফুটবল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে ব্যঙ্গাত্মক রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিত এক শিশুর কাছে তিনি জানতে চান, ব্রাজিল দলের সেরা ফুটবলার কে? 

উত্তরে শিশুটি নেইমারের নাম বলে। প্রত্যুত্তরে লুলা দা সিলভা মজা করে শিশুটির উদ্দেশে বলেন, ‘বিশ্বকাপে নেইমার তো খেলছেই না! তিনি হলেন বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’

নেইমার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো সমর্থক। লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে গত নভেম্বরে তাঁকে এই সাজা দেওয়া হয়। 

বিশ্বকাপের দলে থাকলেও চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে এখনও মাঠে নামেননি নেইমার। তবে চোট কাটিয়ে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার প্রথমবার দলীয় অনুশীলনে যোগ দেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। তাঁর অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংবাদকর্মী। এত সাংবাদিক দেখে নেইমারও মজা করেছেন। এবং বলেছেন, ‘আমাকে মিস করছেন?’

নেইমারকে যে ব্রাজিল মিস করছে তা তো বলাই যায়। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাঁর অভাবটা অনুভব করেছে দল। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার অবশ‍্য এখনও খেলার জন‍্য প্রস্তুত নন। নক আউট পর্বে তাঁকে পাওয়ার আশা করছে ব্রাজিল। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ড। সেরে না উঠলেও বিশ্বকাপ দলে জায়গা হয় তাঁর। গত এক মাস অনুশীলন করতে পারেননি নেইমার।

আজ শনিবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বড় সুখবর দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে এই তারকাকে পাওয়া যাবে বলে ম্যাচশেষে নিশ্চিত করেছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

নেইমারের প্রত্যাবর্তনের পরিকল্পনা জানিয়ে কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সম্পূর্ণভাবে খেলার জন্য প্রস্তুত থাকবেন। তিনি আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন এবং সোমবার দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে পুরোদমে মাঠের অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি নিশ্চিতভাবেই উপলব্ধ থাকবেন।’
 

আরও পড়ুন

×